বলিউডের কিং খান । দেশ জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত । তবে শুধু দেশই নয় তাঁর জনপ্রিয়তা গোটা বিশ্বে । তিনি শাহরুখ খান । পদ্মশ্রী সহ একাধিক সম্মান তার ঝুলিতে । এবার কিং খানের ঝুলিতে এল আরও এক সম্মান । সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল শাহরুখ খানকে ।
প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে উজ্জ্বল শাহরুখের স্বর্ণমুদ্রা । জানা গিয়েছে, এই প্রথম কোন অভিনেতার স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে । আর যা শোভা পেয়েছে প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে । সেই সোনার মুদ্রায় ফুটে উঠেছে শাহরুখের ছবি ও নাম । এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত কিং খান । উচ্ছ্বাসিত তাঁর অনুরাগীরাও । প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণমুদ্রার ছবিও শেয়ার করা হয়েছে । তাতে দেখা যাচ্ছে, স্যুটবুট পড়া এক ব্যক্তি । তিনিই যে শাহরুখ খান, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি কারোরই । সব মিলিয়ে বলাই যায় শাহরুখ খানের এই সম্মানে ভূষিত হওয়ায় গর্বিত গোটা দেশ ।
উল্লেখ্য, দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে পরপর তিনটি ছবি মুক্তি পায় কিং খানের । জানুয়ারি মাসে ‘পাঠান‘ রেকর্ড ব্যবসা করে। সেই রেকর্ড ভাঙে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘জওয়ান‘। ডিসেম্বরে মুক্তি পায় ‘ডাঙ্কি‘ । বক্স অফিসে ঝড় তোলে এই তিন ছবি । এরপর শাহরুখকে দেখা যাবে ‘ কিং ‘ ছবিতে। এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানাকে । তবে ছবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি । তবে বাবা মেয়েকে বড় পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে তাঁর অনুরাগীরা ।