দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আঞ্জেলিক কেরবার। এবারের প্যারিস অলিম্পিকসের টেনিস কোর্টে শেষবারের মতো দেখা যাবে এই জার্মান তারকাকে। মহিলাদের সিঙ্গলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আগাম বিদায়ের ঘোষণা করেন। সেখানে তিনি লেখেন, ‘অলিম্পিকস শুরুর আগে, আমি এটাই বলতে পারি যে প্যারিস ২০২৪-এর আসরকে আমি কখনোই ভুলব না। কারণ, পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ টুর্নামেন্ট’। এবারের গেমসে সিঙ্গলসের পাশাপাশি ডাবলসেও খেলবেন কেরবার।
২০০৭ সালে ক্যারিয়ারে প্রথম বড় প্রতিযোগিতা খেলার সুযোগ পান কেরবার। সেই থেকে মোট চারবার গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলস ফাইনাল খেলার নজির গড়েন তিনি। যার মধ্যে তিনটিতে বিজয়ী হন। ৩৬ বছর বয়সী কেরবার ক্যারিয়ারে সেরা সময় কাটান ২০১৬ সালে। ওই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জেতেন তিনি। ওঠেন উইম্বলডনের ফাইনালেও। যদিও সেবার ওই ট্রফিটি জিততে পারেননি তিনি। পরে ২০১৮ সালে উইম্বলডন জয় করেন কেরবার।
২০১৬ সালে রিও অলিম্পিকসেও সাফল্যের হাসি হাসেন জার্মান টেনিস তারকা। জেতেন রূপার পদক। অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায় ওই বছর এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠেন কেরবার। সন্তান জন্মের পর দেড় বছরের বিরতি শেষে এই বছরের শুরুতে আবারও কোর্টে ফেরেন তিনি। কিন্তু নিজের সেরা সময়ের ধারেকাছেও যেতে পারেননি তিনি। তাই এবার টেনিসকে চির বিদায় বলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললেন কেরবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

