তাইওয়ানে টাইফুনের তাণ্ডবে মৃত ৩, বাতিল শতাধিক উড়ান!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

শক্তিশালী টাইফুন গায়েমির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান । দুর্যোগে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । আহত হয়েছেন অনেকে । পরিস্থিতি পর্যালোচনা করে, বাতিল করা হয়েছে প্রায় সব অভ্যন্তরীণ এবং দুই শতাধিক আন্তর্জাতিক উড়ান । সংবাদ সংস্থা জানিযেছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া নিয়ে তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ে গায়েমি । শক্তিশালী এই টাইফুন দ্বীপরাষ্ট্রটির হুয়ালিয়েন শহরের কাছে আঘাত হানে । পরিবেশবিদদের মতে টাইফুন গায়েমি হল গত আট বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় । টাইফুনের জেরে তাইওয়ানে সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়া বাতিল করা হয়েছে ।

উদ্ভূত পরিস্থিতিতে তাইওয়ান সরকার বুধবার ‘টাইফুন ডে’ ঘোষণা করে । বৃহস্পতিবার পর্যন্ত কিনমেন দ্বীপপুঞ্জ ছাড়া দেশের সব এলাকায় অফিস এবং স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে । শক্তিশালী এই টাইফুনের জেরে ভূমিধস এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন । তাইওয়ানের দুর্যোগ মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে একটি গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে । পাশাপাশি একটি বাড়ির একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ে, আরও একজনের মৃত্যু হয়েছে । সে দেশের প্রধানমন্ত্রী চো ইয়ুং থাই জরুরি মোকাবিলা কেন্দ্রে এক বৈঠকে বলেন, আগামী ২৪ ঘণ্টা খুব কঠিন এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে । দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকারও আবেদন জানিয়েছেন তিনি । প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি থাকায় বিরল জনবসতির বিপজ্জনক এবং পার্বত্য এলাকাগুলি থেকে আট হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে । তাইওয়ানের পরিবহন মন্ত্রক জানিয়েছে, বুধবার প্রায় সব আভ্যন্তরীণ ফ্লাইট এবং ২২৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় । মন্ত্রক আরও জানিয়েছে, বৃহস্পতিবার আভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকবে । সেই সঙ্গে ১৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ।

এদিকে তাইওয়ানে আছড়ে পড়ার আগে টাইফুন গায়েমি ফিলিপিন্সে তাণ্ডব চালায় । সেদেশে অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে । একটানা ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে ।
তাইওয়ান প্রণালী অতিক্রম করার পর বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা রাতের দিকে টাইফুন গায়েমি চিনের দক্ষিণ-পূর্ব প্রদেশ ফুজিয়ানে আছড়ে পড়তে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube