তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল মঙ্গলবার। বাজেটে কোন কোন দিকগুলি উল্লেখ করা হবে, সেদিকেই নজর ছিল গোটা দেশের। তবে বাজেট পেশ হতেই অসন্তোষ প্রকাশ করল বাংলার শাসক দল তৃণমূল। দলের সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেটে জিরো ওয়ারেন্টি, জিরো গ্যারান্টি।‘ আরও বলেন, ‘বাংলাকে বারবার বঞ্চিত করে করে রেখেছে বিজেপি। এটা নতুন কিছু নয়। বারোটা সাংসদ পাঠিয়েছে সংসদে কিন্তু নিট ফল শূন্য।‘ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য টেনে ডায়মন্ড হারবার সাংসদ বলেন, ‘কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যো হামারে সাথ হাম উনক সাথ, প্রমাণ করে দিল। নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য… অন্য রাজ্যকে দিক আমাদের আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয়।‘ বাংলার মানুষ আবার এই বঞ্চনার জবাব দেবেন বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলেও বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের ‘সেনাপতি’। তিনি লেখেন, ‘ব্যর্থ সরকারের একজন ব্যর্থ অর্থমন্ত্রী এই ‘জিরো ওয়ারেন্টি’ বাজেট পেশ করেছেন। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মত সমস্যাগুলি মোকাবিলা করার পরিবর্তে বিজেপি তার শরিক দলগুলিকে ঘুষ দেওয়ার জন্য এবং সরকার ভেঙে পড়ার আগে কিছু সময় কিনতে একটি বাজেট তৈরি করেছে।
উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বার বাজেট পেশ হল সংসদ। তবে এটি ছিল পূর্ণাঙ্গ বাজেট। লোকসভা নির্বাচনের কারণে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। এর আগে মোরারজি দেশাই টানা ছয়বার বাজেট পেশ করেছিলেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

