পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে দেখা গেল মধ্যযুগীয় বর্বরতা । অভিযোগ উঠছে মাইকিং করে গ্রামের এক পরিবারকে এক ঘরে করে রাখার ঘোষণা করার ।
গ্রামের এক পরিবারকে এক ঘরে করে রাখার ঘোষণা করা হল মাইকিং করে । নির্দিষ্ট একটি পরিবারের লোকজনের সাথে গ্রামের কাউকে কথা বলতে নিষেধ করা হল মাইকিং করে । অভিযোগ পেয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে ভূপতিনগর থানার পুলিশ ।
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার দক্ষিণ বায়েন্দা গ্রামের বাসিন্দা ননী দলুই । গ্রামের সালিশি সভার সিদ্ধান্ত অনুসারে মাইকিং করে গতকাল গ্রামে জানানো হয়, ননী দলুই এর পরিবারের সাথে যেন গ্রামবাসীরা কথা না বলেন, কোন লেনদেন না করেন । স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গত কয়েক মাস ধরেই ঝামেলা চলছে ওই ব্যক্তির ।
তবে এই ঘটনায় লাগে রাজনৈতিক রঙও । ননী দলুই ও তার পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী ও গ্রামবাসীরা তাদের বয়কটের ডাক দিয়েছে । এমনকি জল, বিদ্যুৎ বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
যদিও ননী দলুই-এর তোলা অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য । মাইকিং-এর কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ননীর দলুই-এর সাথে গ্রামবাসীদের ঝামেলা নিয়ে একাধিকবার মিটিং ডাকা হলেও সেই মিটিংয়ে উপস্থিত হননি ননী বাবু । তাই ভয় দেখানোর জন্য এই মাইকিং করা হয়েছিল । এই মাইকিং করা ভুল হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

