শপথ জট যেন কাটছেই না । ফের সংঘাতে জড়াল রাজভবন-বিধানসভা । রাজ্যপালের নির্দেশ অমান্য করে ভগবানগোলা এবং বরাহনগর কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করালেন অধ্যক্ষ । তাই নিয়ে আবারও তুঙ্গে উঠল তরজা ।
বেশ কিছুদিন আগে ভগবানগোলা এবং বরাহনগর কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথবাক্য পাঠ করানো নিয়ে সংঘাতে জড়িয়েছিল বিধানসভা এবং রাজভবন । অবশেষে রাজভবনের তরফে বিধানসভার উপাধ্যক্ষকে ওই দুই জয়ী প্রার্থীকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেওয়া হয় । কিন্তু সেই আদেশ পালন না করেই বিধানসভার অধ্যক্ষ ওই দুই জয়ী প্রার্থীকে শপথবাক্য পাঠ করান এদিন ।
পরবর্তীকালে রাজভবনের তরফ একটি চিঠি পাঠিয়ে এই পদক্ষেপের বিষয়ে বিধানসভার কাছে জানতে চাওয়া হয় । এই বিষয়ে জানা যায়, বিধানসভার তরফে যে উত্তর রাজভবনে এসে পৌঁছেছে তাতে মোটেই সন্তুষ্ট নন রাজ্যের সাংবিধানিক প্রধান । যেহেতু রাজ্যপালের তরফে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেওয়া হয়েছিল, তাই উপাধ্যক্ষের বদলে অধ্যক্ষ শপথবাক্য পাঠ করানোয় আইন অমান্য করা হয়েছে বলেই মনে করছে রাজভবন ।
এরপরই রাজভবনের তরফে ওই দুই প্রার্থীর কাছে চিঠি পাঠিয়ে বলা হয় বিধানসভার যে কোনও সরকারি কাজে বা এমনকি বিধানসভার অধিবেশনে তাদের যোগ দিতে হলে রাজভবনের অনুমতি নিতে হবে । পাশাপাশি আরও উল্লেখ করা হয় জরিমানার বিষয়টিও ।
জানা যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । চিঠিতে রাজ্যপাল জানতে চান, যাঁকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেওয়া হয়েছিল, অর্থাৎ ডেপুটি স্পিকার, তিনি তাদেরকে শপথবাক্য পাঠ করিয়েছেন কি না । যদি তা না করিয়ে থাকেন, তাহলে তাঁদেরকে প্রতি অধিবেশনের জন্য দৈনিক ৫০০ টাকা করে জরিমান দেবার কথা রাজ্যপাল জানিয়েছেন চিঠিতে ।
উল্লেখ্য, আজ থেকে শুরু বিধানসভার বাদল অধিবেশন । এরই মধ্যে কাল বিধানসভায় ৪ বিধায়কের শপথগ্রহণ রয়েছে । রাজ্যপালের সঙ্গে সংঘাতের মধ্যেই এই ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । আগামিকাল বিধানসভায় দুপুর ১টায় শপথ নেবেন কৃষ্ণ কল্যাণী , মুকুটমণি অধিকারী, সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

