সংসদের বাদল অধিবেশন শুরু হতেই ফের শোরগোল সংসদে। নিট ইস্যুতে সরগরম লোকসভার অন্দর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে একাধিক প্রশ্ন তুলল ইন্ডিয়া জোট। পাল্টা জবাব দিতেও পিছপা হলেন না শিক্ষামন্ত্রী। আশঙ্কা ছিলই, সেইমতই অধিবেশন চলাকালীন দেখা গেল শাসক বনাম বিরোধীর বাকযুদ্ধ।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠতেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ৩০-৩২ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির অভিযোগে কার্যত সিলমোহর দিয়েছেন। সিবিআই তদন্তভার হাতে নিতেই বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। তদন্ত এখনও চলছে। অনুমান, দেশজুড়েই দুর্নীতির জাল ছড়িয়ে থাকতে পারে। অষ্টাদশ লোকসভার অধিবেশনেও এই ইস্যু ঘিরে শাসক-বিরোধী তরজা দেখা গিয়েছে। বাজেট অধিবেশন শুরু হতেই সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচনার দাবি তুলেছেন। সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব সহ অন্যান্য বিরোধীরা।
এদিন সংসদে দাঁড়িয়ে অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, ‘এই সরকার পেপার লিক করায় রেকর্ড অবশ্যই সৃষ্টি করবে।‘ NTA-র ভূমিকাকেও কাঠগড়ায় তোলেন তিনি। পাল্টা আক্রমণে শিক্ষামন্ত্রী দাবি করেন, ‘অখিলেশ যাদব যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সেইসময় কত প্রশ্নপত্র লিক হয়েছে তার সূচি এখনও রয়েছে।‘
কংগ্রেস সাংদ রাহুল গান্ধী বলেন, ‘আমাদের পরীক্ষা ব্যবস্থায় যে সংকটের মুখে তা দেশের কাছে পরিষ্কার। কেবল নিট নয় যেকোনও বড় পরীক্ষাগুলিতেই সমস্যা রয়েছে। শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সবাইকে দোষারোপ করেছেন। দেশজুড়ে বহু ছাত্র আছে যারা বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তিত। অনেকে মেনে নিয়েছেন যে ভারতীয় পরীক্ষা ব্যবস্থা ভুয়ো। বহু মানুষ মনে করেন, আপনি যদি ধনী হন তাহলে সহজেই ভারতের পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিতে পারবেন।‘ ধর্মেন্দ্র প্রধানের কাছে রাগা প্রশ্ন তোলেন, এক, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে সমাধান হিসেবে আপনি কী করছেন? জবাবে কংগ্রেস জমানার প্রসঙ্গ আনেন শিক্ষামন্ত্রী। সব মিলিয়ে নিট ইস্যুতে আরও একবার লোকসভার পরিবেশ উত্তপ্ত হল সোমবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

