পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের আগে রবিবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক ডাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন রাজনৈতিক দলের (উপস্থিত ছিল না তৃণমূল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একাধিক ইস্যু উঠে এসেছে। জানা গিয়েছে, এই বৈঠকে বিহারের ‘বিশেষ মর্যাদা’ দাবি করেছে নীতীশ কুমারের দল জেডিইউ। লোকসভা নির্বাচনের পর সরকার গড়ার দেড় মাসের মধ্যেই এই দাবি ঘিরে কি অস্বস্তি বাড়ছে এনডিএ জোটের অন্দরে!
কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে এদিনের সর্বদলীয় বৈঠকের বিভিন্ন আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, জেডিইউ এবং ওয়াইএসআরসিপি বিহার এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য ‘বিশেষ মর্যাদা’ দাবি করেছে বৈঠকে। তবে আশ্চর্যজনকভাবে তেলেগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এই বিষয়ে নীরব ছিলেন। সূত্রে খবর, জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁ দাবি করেছেন, বাজেটে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এনিয়ে কেন্দ্রের তরফে এখনই কোনও জবাব মেলেনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় ঝাঁ বলেন, ‘নীতীশ কুমার এবং আমাদের দল দীর্ঘ সময় ধরে রাজ্যের বিশেষ মর্যাদার দাবি করে আসছেন। এরজন্য উনি র্যালিও করেছেন। তবে এক্ষেত্রে যদি কোনও সমস্যা থাকে, তাহলে বাজেটে বিহারের জন্য আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হোক।’
২০২৪-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটের উপর ভরসা করেই তৃতীয়বার সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। এইন সরকার গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির। জল্পনা ছিলই, মোদী সরকারকে সমর্থনের বিনিময়ে রাজ্যের বিশেষ মর্যাদা দাবি করতে পারে জেডিইউ। অবশেষে তাই সত্যিই হল। এনডিএ-র শরিক দল জেডিইউ-এর এই দাবি পূর্ণ হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

