মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সভায় যোগ দেন সপা সভাপতি। সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান সপা নেতা। কয়েকদিনের মধ্যেই কেন্দ্রের সরকারের পতন হবে, এই দাবিও করলেন তিনি।
বাংলায় বিজেপির পরাজয় নিয়ে সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা করেন অখিলেশ যাদব। তিনি বলেন, ‘বাংলায় আপনারা একসঙ্গে লড়াই করে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছেন। উত্তরপ্রদেশেও আপনাদের সহায়তায় হেরেছে বিজেপি। আমি লোকসভায় বলেছিলাম আর আজও বলছি দিল্লিতে যে সরকার চলছে তারা কিছুদিনের অতিথি। এই সরকার বেশিদিন চলবে না, শীঘ্রই তার পতন হবে। একদিন আমরা ও আপনারা দেখব যে সরকার ভেঙে পড়ছে, তারপরই আমাদের জন্য খুশির দিন আসবে।’
বিজেপিকে নিশানায় এনে সপা নেতা আরও অভিযোগ তোলেন, ‘এই ধরনের মানুষেরা কারও ভালো চান না। তাঁরা অন্যের প্রাণ নিতে পারেন কিন্তু প্রাণ দেন না। এমনকি এঁরা শহীদ ধার নেন। এঁরা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু এখন মানুষ জেগে উঠেছে, বেশিদিন এদের মিথ্যে কাজ করবে না।’ একুশের মঞ্চ থেকেই তৃণমূল ও সমাজবাদী পার্টির একতার বার্তা দিয়ে অখিলেশ বলেন, ‘আগামী লড়াইয়ে আমরাও আপনাদের পাশে থাকব।’
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক বরাবরই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েই অখিলেশ যাদব কলকাতা সফরে আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের একটি আসন তৃণমূলের জন্য ছেড়েছিল সমাজবাদী পার্টি। যদিও সেখানে হারতে হয়েছে বাংলার শাসক দলকে। তবে দু’পক্ষের সুসম্পর্কের ছবি একাধিকবার সামনে এসেছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দলের হয়ে প্রচার করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের একে অপরকে ‘দিদি’ ও ‘ভাই’ বলে সম্বোধন করতেও দেখা গিয়েছে। সভায় যোগ দিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অখিলেশ যাদব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

