একুশের সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে গেলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে তিনি সভাস্থলে আসেন। তাঁর সঙ্গে দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
প্রস্তুতি চলাকালীনই বহু কর্মী সমর্থক ধর্মতলায় ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভাস্থলে গিয়ে তাঁদের উদ্দেশে হাত নাড়িয়ে সাড়া দেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ দোলা সেন, বিধায়ক দেবাশিষ কুমার, মদন মিত্র প্রমুখ। আগামীকাল একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে কর্মী-সমর্থকেরা।
এদিন সকালেই এক্স হ্যান্ডেলে ২১ জুলাই উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আগামীকাল আবার একুশে! ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি।‘ লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বাংলাজুড়ে সবুজ ঝড়ের পর তৃণমূলের এই শহীদ সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

