৯ মিনিটের আঁধারি চ্যালেঞ্জ বিদ্যুৎকর্তাদের কাছে

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের মানুষকে বলা হয়েছে ন’মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে দিতে, কিন্তু তার পরে পাকাপাকি আঁধার নেমে আসবে না তো! শুক্রবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ মিনিটের ভিডিয়ো-বার্তায় কপালে ভাঁজ পড়েছে বিদ্যুৎ মন্ত্রক ও সংশ্লিষ্ট সংস্থার কর্তাদের।

করোনা-যুদ্ধের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে বারান্দা বা দরজায় মোমবাতি-প্রদীপ জ্বালাতে হবে। বিদ্যুৎ মন্ত্রকের কর্তাদের এতেই তৈরী হয়েছে দুশ্চিন্তা, এর ফলে রবিবার রাত ৯টায় দেশে বিদ্যুতের চাহিদা আচমকা বেশ খানিকটা কমে যাবে। আবার ৯ মিনিট পরে অনেকখানি বেড়ে যাবে। এর ফলে বিদ্যুৎ সরবরাহের গ্রিড ভেঙে পড়তে পারে। দেশে ‘ব্ল্যাকআউট’ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি কী ভাবে সামলানো যায়, তা নিয়ে বিদ্যুৎ কর্তারা কঠিন চ্যালেঞ্জের মুখে।

প্রধানমন্ত্রী আলো নেভানোর কথা ঘোষণার পরেই বিদ্যুৎ মন্ত্রকে কার্যত বিপদ-ঘণ্টি বেজে ওঠে! তড়িঘড়ি বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ পাওয়ার গ্রিড কর্পোরেশন, পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন ও অন্যান্য সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। বিদ্যুৎ মন্ত্রকের মুখপাত্র বলেন, “সকলে কাজে নেমে পড়েছেন। সবাই আত্মবিশ্বাসী যে, রবিবারের ঘটনার জন্য গ্রিডের ভারসাম্য রক্ষা করা যাবে।” 

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রকের আধিকারিকদের কোনও আলোচনা হয়নি। বিদ্যুৎ মন্ত্রকের একটি সূত্রও এই কথা মানছে। মোদীর ঘোষণা সম্পর্কে মন্ত্রকের আধিকারিকদের মত, এটি হল গাড়ি প্রচণ্ড গতিতে চলতে চলতে ব্রেক চেপে রেখে, আবার আচমকা গতিবেগ বাড়ানোর চেষ্টা। এর ফলে গাড়ি বিগড়োর সম্ভাবনা আছে তা স্পষ্ট নয়।

লকডাউনের ফলে কলকারখানা, অফিস বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা কমে গিয়েছে।  বিদ্যুৎ মন্ত্রক জানান, বিদ্যুৎ চাহিদা বৃহস্পতিবারই ২৫ শতাংশ কম ছিল। রবিবার  তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আচমকা কোনও ইউনিট এ ভাবে বন্ধ করে ফের খুব শীঘ্রই তা চালু করা যায় না।

এনটিপিসি, ডিভিসি ও পাওয়ার গ্রিড কর্পোরেশনের প্রাক্তন আধিকারিকদের মতে, আলো বন্ধ হলেও, বাড়ির রেফ্রিজারেটর, টিভি, এসি,পাখা চলবে। রাস্তার আলোর পাশাপাশি থানা, হাসপাতাল, নার্সিংহোমের মতো জরুরি পরিষেবাগুলিতেও সব চালু থাকবে। তাই রাত ৯টার আগে থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো, ৯টা ৯ মিনিটের পরে ফের তা বাড়িয়ে লাইনের ভোল্টেজ ঠিক রাখার প্রক্রিয়াটি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজন হিসেব নিকেষের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube