লোকসভা নির্বাচন মিটতেই রাজনীতি থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তাঁকে কোনও সভা কিংবা বৈঠকে দেখা যায়নি। তাঁকে কবে আবার সক্রিয় ভূমিকায় দেখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এখন মনে করা হচ্ছে একুশের সমাবেশ থেকেই আবার চেনা ছন্দে ফিরতে পারেন তৃণমূল সাংসদ।
আগামীকাল ২১ জুলাই। প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতায় ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের আয়োজন করা হয়। শনিবার সেই প্রস্তুতিই চলছে শেষ মুহূর্তের। দলে দলে কর্মী-সমর্থকেরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। এদিন সন্ধ্যায় একুশের সভাস্থল পরিদর্শনে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আগামীকাল তিনি মঞ্চে উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বড় সাফল্যের পর একুশে জুলাইয়ের সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই জয় উৎসর্গ করছিলেন একুশে জুলাইতে। ফলে শাসক দলের জন্য এই সমাবেশ গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ১২ জুন এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক জানিয়েছিলেন, ‘শারীরিক চিকিৎসাজনিত কারণে আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নেব। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ ও সম্প্রদায়গুলির সমস্যা এবং চাহিদা বোঝার চেষ্টা করব। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকার নিষ্ঠার সাথে তাদের কাজ করবে।‘ চিকিৎসার প্রয়োজনে বিদেশ সফরেও নাকি গিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই সেখান থেকে ফিরে এসেছেন বলেও খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

