২১ জুলাইয়ের সমাবেশে সকলকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

রাত পোহালেই ২১ জুলাই। এই দিনটিকে শহীদ হিবস হিসেবে পালন করে শাসক দল তৃণমূল। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। কলকাতায় ভিক্টোরিয়া হাউজের সামনে চলছে প্রস্তুতি। দলের কর্মী-সমর্থকেরা আসতে শুরু করেছে। সমাবেশের একদিন আগেই ২১ জুলাই উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,  আগামীকাল আবার একুশে! ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি।‘

মুখ্যমন্ত্রী আরও লেখেন, সেই সঙ্গেই আমরা এ দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মতলায় এবারের শহীদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি।…’

https://twitter.com/MamataOfficial/status/1814543670030340236

যুদ্ধকালীন তৎপরতায় চলছে ২১ জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি। নজরদারি চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, এবারে সভামঞ্চে বেশকিছু বিশেষত্ব রয়েছে। তিনটি মঞ্চ তৈরি করা হবে। মূল মঞ্চের আয়তন হবে ৫২/২৪ ফুট। যেখানে দলের শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা বসবেন। ৪৮/২৪ ফুটের আরও একটি মঞ্চ তৈরি করা হবে যেখানে বসবেন কাউন্সিলররা। এছাড়া তৃতীয় একটি মঞ্চ তৈরি করা হবে যার আয়তন হবে ৪০/২৪ ফুট। এখানে শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে যাওয়ার জন্য সিঁড়ি নয় এবারে র‍্যাম্পের ব্যবস্থা করা হবে। এছাড়া ১৩ টি জায়ান্ট স্ক্রিন লাগানো থাকবে। সমাবেশে স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় চার হাজার জন।

লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বাংলাজুড়ে সবুজ ঝড়ের পর তৃণমূলের এই শহীদ সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube