হাতে সময় খুব কম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। নজরদারি চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বাংলাজুড়ে সবুজ ঝড়ের পর তৃণমূলের এই শহীদ সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, এবারে সভামঞ্চে বেশকিছু বিশেষত্ব রয়েছে। তিনটি মঞ্চ তৈরি করা হবে। মূল মঞ্চের আয়তন হবে ৫২/২৪ ফুট। যেখানে দলের শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা বসবেন। ৪৮/২৪ ফুটের আরও একটি মঞ্চ তৈরি করা হবে যেখানে বসবেন কাউন্সিলররা। এছাড়া তৃতীয় একটি মঞ্চ তৈরি করা হবে যার আয়তন হবে ৪০/২৪ ফুট। এখানে শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে যাওয়ার জন্য সিঁড়ি নয় এবারে র্যাম্পের ব্যবস্থা করা হবে। এছাড়া ১৩ টি জায়ান্ট স্ক্রিন লাগানো থাকবে। সমাবেশে স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় চার হাজার জন।
আবহাওয়ার খামখেয়ালির মধ্যেই ভিক্টোরিয়া হাউজের সামনে শেষ মুহূর্তের কাজ চলছে। নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেকথা মাথায় রেখে দফায় দফায় পুলিশের সঙ্গে বৈঠক করছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা সকলেই রবিবার (২১ জুলাই) সমাবেশে যোগ দেবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

