।। সুস্মিতা সিং ।।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে বিছানা ছেড়েও উঠতেও সমস্যায় পড়তে হয় জাহ্নবীকে। তাই আর দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

জাহ্নবীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন অভিনেত্রী। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন জাহ্নবী। শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, জানিয়েছে ওই সূত্র। বর্তমানে আগের থেকে কিছুটা ভালো আছেন জাহ্নবী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত ‘মিস্টার এন্ড মিসেস মাহি’। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। আগামীতে জাহ্নবীকে দেখা যাবে ‘উলঝ’ ছবিতে। যেখানে কূটনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন নায়িকা। সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলারে সুহানা ভাটিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবি মুক্তি পাবে ২ আগস্ট। তবে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আপাতত সব কাজ বাতিল করেছেন অভিনেত্রী। সুস্থ হয়েই ফিরবেন ছবির প্রচারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

