উত্তরপ্রদেশের রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ মমতার, কাঠগড়ায় তুললেন কেন্দ্রকে

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় একমাসের মাথায় ফের এক ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেসের ১২ টি কামরা। প্রাণহানির খবর সামনে এসেছে। আহতের সংখ্যাও একাধিক। এই ঘটনায় শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুর্ঘটনার দায় চাপালেন কেন্দ্রের ঘাড়েই। প্রশ্ন তুললেন যাত্রী নিরাপত্তা নিয়ে।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। ‘উত্তরপ্রদেশের গণ্ডায় আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন। আরও একটি ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা, এবারে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস!’ রেলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করেন, ‘রেল কর্তৃপক্ষ কী করছে! কেন্দ্রীয় সরকার কী করছে! যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। কেন্দ্রের হুঁশ কবে ফিরবে?’ এদিন দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গণ্ডা জেলায়। লাইনচ্যুত হয় ১২ টি কামরা। আহতের সংখ্যা বহু। প্রাণ হারিয়েছেন একাধিক। কীভাবে কামরাগুলি বেলাইন হল তা খতিয়ে দেখা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে দুর্ঘটনার খবর পৌঁছেছে। তিনি গোটা বিষয়টির উপর নজরদারি রাখছেন। দ্রুত গতিতে উদ্ধারকার্য শেষ করা এবং আহতদের যাতে চিকিৎসায় কোনও ত্রুটি না থাকে সেই নির্দেশও দিয়েছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ১৭ জুন পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। দ্রুত গতির মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে প্রাণ হারায় বহু যাত্রী। আহতের সংখ্যাও প্রচুর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে গিয়েছিলেন। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছিল কেন্দ্র। ২০২৩ সালের জুন মাসে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নিজে রেলমন্ত্রী থাকাকালীন যাত্রী নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেকথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। তবে জুনের পর জুলাই, একমাসের ব্যবধানে দুটি রেল দুর্ঘটনা স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube