।। সানন্দা বসু ।।
ফের পুলিশের ওপর আক্রমণের অভিযোগ। স্থানীয়দের অবরোধ তুলতে গেলে পুলিশের উপরে আক্রমণ হয়েছে বলে অভিযোগ উঠল মালদহের মানিকচক থানার এনায়েতপুরে। গাড়িতেও ভাঙচুর চলে পাল্টা পুলিশের তরফে গুলি চলেছে বলেও অভিযোগ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বিদ্যুৎ নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। মানিকচক এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনে কখনও কখনও বিদ্যুৎ সংযোগ থাকলেও রাতের দিকে বিদ্যুৎ পরিষেবা প্রায় থাকে না বললেই চলে। ফলে প্রচণ্ড গরমে যথেষ্ট নাজেহাল হতে হয় তাঁদের। এমনকী ছেলেমেয়েদের পড়াশোনা বা অন্যান্য কাজও করা যায় না। তীব্র গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছে। এই বিষয়ে বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। লাগাতার এই পরিস্থিতি চলার পর অবশেষে ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় স্থানীয়দের।
বৃহস্পতিবার রাস্তা অবরোধ করেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। একসঙ্গে মানিকচকের বেশকয়েকটি জায়গায় করা হয় অবরোধ। মালদহ-চাঁচল রাজ্য সড়কেও অবরোধ করে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে গাড়িটি উল্টেও দেওয়া হয়। পাল্টা পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে দু’জন জখম হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট তলব করেছে নবান্ন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

