নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এবং রকেট কোম্পানি ‘স্পেসএক্স’-এর সদর দফতরের ঠিকানা এবার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে টেক্সাসে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ।
ক্যালিফোর্নিয়ায় জারি হওয়া নতুন ‘নিরাপত্তা অ্যাক্ট’-এর কথা উল্লেখ করে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘এই আইনের পাশাপাশি আগের অন্যান্য কারণ, যেখানে আমাদের পরিবার ও কোম্পানি উভয়ই আক্রমণের শিকার, সে বিষয়টি মাথায় রেখে এবার স্পেসএক্স নিজেদের সদর কার্যালয় ক্যালিফোর্নিয়ার হথর্ন থেকে টেক্সাসের স্টারবেইজে শীঘ্রই সরিয়ে নিয়ে যাবে’ ।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম
চলতি সপ্তাহেই এই আইনে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম । নতুন এই আইনে শিক্ষার্থীদের অনুমতি ছাড়া, কখনোই তাদের লিঙ্গ পরিবর্তনের ইচ্ছার কথা স্কুল কর্তৃপক্ষ কোনও অভিভাবককে জানাতে পারবে না । পাশাপাশি কোনও শিক্ষার্থীকে বহিষ্কার করতে চাওয়া শিক্ষকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও এই আইনে নিষিদ্ধ করা হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে লিখেছে একটি জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম । নিজের প্রথম পোস্টের অল্প সময় পরে আরও একটি পোস্টে মাস্ক বলেন, এক্স, যার সদর দফতর এখন স্যান ফ্রান্সিসকোতে, তার বদলে এবার অস্টিনে নিয়ে যাওয়া হবে ।
গত বছর একটি জনপ্রিয় মার্কিন বাণিজ্য দৈনিকের এক প্রতিবেদনে লেখা হয়েছে, অস্টিনের বাইরে ‘স্নেইলব্রুক’ নামে একটি নিজস্ব কমিউনিটি তৈরির পরিকল্পনা করছেন মাস্ক । পাশাপাশি, অস্টিনে নিজের একটি বিশ্ববিদ্যালয় খোলার ইচ্ছাপ্রকাশ করেছেন এই মার্কিন এ ধনকুবের । সম্প্রতি নিজের অন্যান্য ব্যবসার সদর দফতরও সরিয়ে ফেলেছেন মাস্ক । এর আগে জানুয়ারিতে ডেলাওয়্যারে এক বিচারক, টেসলায় মাস্কের সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের ‘পে প্যাকেজ’ আটকে দিয়েছিলেন । পরবর্তীতে অবশ্য কোম্পানির বিনিয়োগকারীরা সেই প্যাকেজে অনুমোদন দিয়েছেন ।
এদিকে, স্পেসএক্স-এর সদর দফতর ডেলাওয়্যার থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার আবেদন জমা দিয়েছেন মাস্ক । ২০২১ সালে টেসলার সদর দফতরও সরিয়ে নিয়েছিলেন তিনি । যেখানে কোভিড মহামারীর সময় ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট শহরে কোম্পানিটির একটি কারখানা বন্ধ করে দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা ।