নিজেকে টিকটক-এর সমর্থক বলে দাবি করলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প । চিনের সংস্থা ‘বাইটড্যান্স’ যদি শর্ট ভিডিও অ্যাপটির মার্কিন ব্যবসার অংশ বিক্রি করতে না চায়, এমনকি তার জন্য তাদের ওপর যদি সম্ভাব্য নিষেধাজ্ঞাও নেমে আসে, থাকলেও তিনি টিকটক-কেই সমর্থন করবেন বলে ঘোষণা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ।
‘আমি টিকটক-এর পক্ষে । কারণ আপনাদের প্রতিযোগিতা প্রয়োজন’ । সম্প্রতি একটি মার্কিন বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প । এর আগে ১৭ কোটি মার্কিন নাগরিকের ব্যবহৃত টিকটক-কে বিপজ্জনক বলে দাবি করলেও, গত মাসে নিজেই টিকটক-এ যোগদান করেন ট্রাম্প । জানিয়েছে সংবাদ সংস্থা । ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ভয়াবহ হিংসার কারণে ট্রাম্পকে ফেসবুক থেকে নিষিদ্ধ করায় মেটা মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রামের সমালোচনা করেছ প্রাক্তন প্রেসিডেন্ট । মেটা-র আরোপ করা সেই নিষেধাজ্ঞা জারি ছিল দুই বছর ।
এরই মধ্যে জুন মাসে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি কখনই টিকটক-এর উপর জারি হওয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন না । যদিও ট্রাম্পের এহেন বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি টিকটক । প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০২০ সালে চিনের মালিকানাধীন ‘টিকটক’ ও ‘উইচ্যাট’-কে নিষিদ্ধ করার চেষ্টা করলেও, মার্কিন আদালত সেই চেষ্টাকে আটকে দেয় । এরপর ২০২১ সালের জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ‘উইচ্যাট’ ও ‘টিকটক’ নিষিদ্ধ করতে, ট্রাম্প আমলের একাধিক নির্দেশিকা প্রত্যাহার করে নেন ।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর বেশিরভাগ শেয়ারের মালিক ট্রাম্প । যা টিকটকের প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক ‘ট্রুথ সোশাল’ পরিচালনা করে । বর্তমানে ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর বাজার মূলধন রয়েছে সাতশ কোটি ডলার । যার শেষ প্রান্তিকের আয় প্রায় সাত লাখ সত্তর হাজার ডলার । যেটা আমেরিকার মাটিতে দুটি স্টারবাকস-এর দোকানে বিনিয়োগের সমান ।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত ‘বাইট ড্যান্স’-কে ১৯ জানুয়ারির মধ্যে টিকটক-এর মার্কিন ব্যবসার অংশ বিক্রি বা দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করতে এক নতুন আইনের আইনি চ্যালেঞ্জের বিষয়ে মৌখিক যুক্তিতর্ক পেশ করবে । অর্থাৎ সেদেশে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে । ফলে ‘ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া’র জন্য মার্কিন আদালতের আপিলের শুনানি, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সপ্তাহের মাঝামাঝি সময়ে টিকটকের ভাগ্য নির্ধারণ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ।
২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন । যেখানে বলা হয়েছে, ১৯ জানুয়ারির মধ্যে হয় সেদেশে ‘টিকটক’-কে নিষিদ্ধ করা হবে । নয়ত পেরেন্ট কোম্পানি ‘বাইটডান্স’-কে এই অ্যাপটি বিক্রি করতে হবে । এদিকে হোয়াইট হাউস বলছে, তারা চায় জাতীয় নিরাপত্তার কারণে মার্কিন মুলুকে চিনা মালিকানার অবসান হোক । তবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা নয় । গত ফেব্রুয়ারিতে ‘টিকটক’ মাধ্যমে যোগ দেন বাইডেন ।