দিল্লি সফর মুখ্যমন্ত্রীর, লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুখোমুখি মোদী-মমতা!

লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় দেখা গিয়েছে। বড় সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রচার করে গেলেও ‘ধরাশায়ী’ বিজেপি। এই আবহে মুখোমুখি আসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন তাঁরা। তবে দুজনের মধ্যে আলাদাভাবে বৈঠক হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুলাই কলকাতা থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সংসদের সেন্ট্রাল হলেও যাবেন বলে খবর সূত্রের। ২৭ জুলাই  নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিল’-এর নবম বৈঠকে। সেই বৈঠকেই থাকবেন মোদী-মমতা। প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সংসদ ভবনে শেষবার দেখা হয়েছিল দুজনের। রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কথা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী আশ্বাস দিলেও বৈঠকের কোনও সুফল মেলেনি বলেও অভিযোগ করেছিল বাংলার শাসক দল। সাত মাস পর ফের রাজধানীতে দেখা হবে তাঁদের।

জানা গিয়েছে,  ‘বিকশিত ভারত-২০৪৭’ হতে চলেছে এবারের নীতি আয়োগের বৈঠকের মূল থিম। সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কোণঠাসা করতে তৈরি হচ্ছে  ‘ইন্ডিয়া’ জোট শাসিত রাজ্যগুলি। বিরোধী জোটের মধ্যে সমন্বয়ের উদ্দেশে বৈঠকের ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। সেই সময় সংসদের বাজেট অধিবেশনও চলবে। সংসদের সেন্ট্রাল হলেও যেতে পারেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভা নির্বাচন মিটতেই নতুন ফৌজদারি আইন লাগু করেছে কেন্দ্র। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ইস্যুতে সংসদের দুই কক্ষেই সরব হতে পারে ইন্ডিয়া জোট। এরইমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ কিছু রাজনৈতিক নেতার সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। নেপথ্যে থেকে সংসদে বিরোধীদের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কী ভূমিকা নেবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube