বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে মিছিলে অনুমতি মেলেনি পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ BJP

বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি। কর্মসূচির দিনক্ষণ স্থির হলেও এখনও কলকাতা পুলিশের তরফে অনুমতি মেলেনি। তাই উচ্চ আদালতে মামলা দায়ের করল গেরুয়া শিবির। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২২ জুলাই বিদ্যুৎ বিল বৃদ্ধির ইস্যুতে প্রতিবাদ জানিয়ে মুরলিধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। হাতে আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এখনও কলকাতা পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। তাই কর্মসূচি সফল করতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তারা। বিচারপতি এই মামলা দায়ের অনুমতি দিয়েছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হতে পারে।

চুপিসারে বিদ্যুতের বিল বাড়াচ্ছে সিইএসই,  বিলের কারণে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। এই অভিযোগে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। গত রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইএসই ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। প্রসঙ্গত, আগামী ২১ জুলাই ‘শহীদ দিবস’-এর দিনে ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা করবে শাসক দল তৃণমূল। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। তারপরের দিনই একই জায়গায় মিছিল শেষ করে সভা করতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল।

উল্লেখ্য, গত মাসে লোকসভা নির্বাচনে ভোট হিংসার প্রতিবাদে ‘আক্রান্ত’ ও ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন অভিযান করেছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের বাধার মুখে পড়ে রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় তাঁদের। এরপরই রাজভবনের সামনে ধর্না কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত রবিবার (১৪ জুলাই) রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তিনি। ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়েই ২২ জুলাইয়ের প্রতিবাদ মিছিলের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube