কোভিডে আক্রান্ত বাইডেন, উদ্বিগ্ন ডেমোক্র্যাট শিবির !

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন । তাঁর উপসর্গ মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ । বুধবার নির্বাচনী প্রচারে নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে গিয়েছিলেন তিনি । প্রচার সভার আগে, তাঁর শারীরিক পরীক্ষা হয় । তখনই প্রেসিডেন্টের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে । তারপর থেকে তিনি আইসোলেশনে আছেন ।

মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যমন্ত্রী কারিন জন-পিয়ের জানিয়েছেন, বাইডেনকে টিকা দেওয়া হয়েছে । শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য আরও ওষুধও দেওয়া হয়েছে । এর আগে তিনি আরও দু দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন । সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার সকালে বাইডেন লাস ভেগাসে সমর্থকদের মাঝে উপস্থিত হন এবং সেখানে বক্তব্য রাখেন । রাতে আরও একটি নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা ছিল । কিন্তু তার আগেই কোভিড ধরা পড়ায়, সেই সভা বাতিল করেন বাইডেন ।

তথ্যমন্ত্রী কারিন জন-পিয়ের
বয়সের কারণে মার্কিন মুলুকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাড়ানোর জন্য নিজের দলের অন্দরেই ক্রমবর্ধমান চাপের সম্মুখীন বাইডেন । এরই মধ্যে আবার কোভিডে আক্রান্ত হলেন বছর ৮১-র জো বাইডেন । মার্কিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই শীর্ষ ডেমোক্র্যাট সদস্য – সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফরিস, পৃথকভাবে বাইডেনের সঙ্গে দেখা করে তাঁকে জানিয়েছেন যে তাঁর প্রার্থীপদ আঁকড়ে থাকার অর্থ হল প্রতিনিধি পরিষদ এবং সেনেটের নির্বাচনেও ডেমোক্র্যাটদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ার একটা আশঙ্কা তৈরি হওয়া । যাকে কেন্দ্র করে গভীর ভাবে উদ্বিগ্ন ডেমোক্র্যাট শিবির । জন পিয়ের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সাপ্তাহিক ছুটির পুরো সময়টা তাঁর ডেলাওয়্যারের বাড়িতে আইসোলেশনে থাকার পরিকল্পনা করেছেন । সেখানে থেকেই ‘পূর্ণভাবে তাঁর দায়িত্ব’ পালন করবেন ।

কোভিডে আক্রান্ত হওয়ায় ঠিক কতদিন বাইডেনকে নির্বাচনী প্রচারের বাইরে থাকতে হবে, সেটা এখনও পরিষ্কার নয় । প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, বাইডেন শ্বাসতন্ত্রের বাহ্যিক উপসর্গ সর্দি, কাশিতে আক্রান্ত হয়েছেন । তাকে প্যাক্সলোভিডের প্রথম ডোজ দেওয়া হয়েছে । এই ওষুধটি মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ এ আক্রান্ত পূর্ণবয়স্কদের দেওয়া হয় । বিশেষ করে যাঁদের রোগ গুরুতর এবং হাসপাতালে ভর্তি বা মারা যাওয়ার মতো বিপদের ঝুঁকি রয়েছে । ও’কনর আরও জানিয়েছেন, বুধবার লাস ভেগাসে প্রথম অনুষ্ঠানের সময় তিনি ভালো বোধ করছিলেন । কিন্তু পরে পরীক্ষায় তাঁর কোভিড ধরা পড়ে ।

লাস ভেগাস সফরে বাইডেনের সঙ্গে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পরই প্রেসিডেন্ট তড়িঘড়ি বিমানবন্দরের দিকে চলে যান । সংবাদ সংস্থা জানিয়েছে, লাস ভেগাস থেকে ডেলাওয়্যারের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার আগে বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি ভাল আছেন এবং যথেষ্ট সুস্থ বোধ করছেন । এরপর তিনি বিমানের সিঁড়ির রেলিং শক্ত করে ধরে, ধীরে ধীরে উঠতে থাকেন । কয়েক ধাপ সিঁড়ি ওঠার পর একুট জিরিয়ে নেন । তারপর আবার উঠতে থাকেন । মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়ার পর, বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube