আবারও দেশে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার দাবি বাইডেনের!
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
আমেরিকায় ফের অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় যে মডেলের রাইফেল ব্যবহার হয়েছিল, সেই অস্ত্র নিষিদ্ধ করার জন্য আবারও নিজের মত পোষণ করেছেন বাইডেন ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক ব্যক্তি । গুলি ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় । মঙ্গলবার লাস ভেগাসে নাগরিক অধিকার গোষ্ঠী এনএএসিপি’র একটি কনভেনশনে দর্শকদের উদ্দেশে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে ব্যবহার করা হয়েছিল এআর-১৫ মডেলের একটি অ্যাসাল্ট রাইফেল । এই অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আরও অনেকের প্রাণ কেড়েছে । যার মধ্যে আছে শিশুও । এখন সময় এসেছে দেশে এই রাইফেল নিষিদ্ধ করার ।
সংবাদ সংস্থা জানিয়েছে, ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর বাইডেন প্রথমবার কোনও নির্বাচনী প্রচারে ফিরে এই আহ্বান জানান । গুলিকাণ্ডের পর কয়েকদিন বাইডেনের নির্বাচনি প্রচার বন্ধ ছিল । বাক্যবাণও বন্ধ ছিল । টিভিতে সম্প্রচার করা হয়নি কোনও বিজ্ঞাপন । বিশিষ্ট অনেক ডেমোক্র্যাটিক রাজনীতিবিদ কেবল দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তাই দিতে ব্যস্ত ছিলেন । তার বাইরে আরও কোনও কথাই কেউ বলেননি । অস্ত্র নিষিদ্ধ করা নিয়ে বাইডেন বারবারই প্রচার চালিয়ে গিয়েছেন ।
গতবছর ক্যালিফোর্নিয়ায় পৃথক দুটি হামলার ঘটনায় সাতজন নিহতের পরও বাইডেন কংগ্রেস সদস্যদের কাছে আমেরিকার মাটিতে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করার আইন কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন । বন্দুক নিষিদ্ধ নিয়ে ১৯৯৪ সালে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছিল । কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া সেই বিলের কারণে ১০ বছরের জন্য ‘অ্যাসল্ট রাইফেল’ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি ছিল আমেরিকায় । ২০০৪ সালে আইনটির মেয়াদ শেষ হয় । এরপর যুক্তরাষ্ট্রে এই অস্ত্র বিক্রি আবার বেড়ে যায় । নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে জো বাইডেন গতবছর এই আইনটিই পুনরায় চালু করার আহ্বান জানান কংগ্রেস সদস্যদের কাঠে । লাস ভেগাস কনভেনশনে এই আইনের উল্লেখ করে বাইডেন বলেছেন, ‘আমি আগেও এটি করেছি । ক্ষমতায় এলে আবারও আমি এটি করব’ ।