জাপানের একটি হাই স্কুলে ‘অতিরিক্ত মশলাযুক্ত’ আলুর চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১৪জন পড়ুয়া । জানিয়েছে সেদেশের একটি সংবাদমাধ্যম । পুলিস সূত্রকে উদ্ধৃত করে পুলিস জানিয়েছে, এক পড়ুয়া ওই চিপস স্কুলে নিয়ে গিয়েছিল । প্রায় ৩০ জন সহপাঠী সেই চিপস নিজেদের মধ্যে ভাগ করে খায় । খাওয়ার পরই তাদের কেউ কেউ বমি বমি ভাবের কথা জানায় স্কুল কর্তৃপক্ষকে । আবার কেউ মুখের চারপাশে প্রচণ্ড ব্যথা হওয়ার কথাও বলে ।
এরপরই সময় নষ্ট না করে জরুরি ভিত্তিতে ফোন করে পুলিশ ও দমকলবাহিনীকে ডাকা হয় স্কুলে । তারপরই হাসপাতালে নেওয়া হয় ১৩ জন মেয়ে এবং একজন ছেলেকে । ঘটনার খবর প্রকাশ হতেই ওই চিপস প্রস্তুতকারক জাপানি কোম্পানি ‘ইসোয়ামা করপোরেশন’ গ্রাহকদের সমস্যার জন্য ক্ষমা চেয়েছে । কোম্পানির পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়েছে ।
সংবাদ সংস্থা জানিয়েছে, কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আগে থেকেই এই চিপস খাওয়ার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করে দিয়েছিল । সেখানে বলা ছিল, এই চিপস অনেক বেশি মশলাদার হওয়ায় সেটি খাওয়ার পর অস্বস্তি হতে পারে । ১৮ বছরের কম বয়সীদেরকে ওই চিপস খেতে নিষেধ করা আছে । এমনকি যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকেও ওই চিপস খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছিল ।
জানা গিয়েছে, চিপসের মশলায় ব্যবহার করা হয়েছিল উত্তপূর্ব ভারতে চাষ হওয়া ভীষণ ঝাল মরিচ. যা ‘ভুত জলোকিয়া’ নামে পরিচিত । বিভিন্ন ক্ষেত্রে এই বিশেষ ধরনের মরিচকে বিশেষ বিশেষ নামেও ডাকা হয় । কোথাও এর নাম ‘ঘোস্ট পিপার’ । আবার কোথাও ‘ভুটান পিপার’ । এই ‘ভুত জলোকিয়া’ বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের মধ্যে অন্যতম ।