দুই বছরের জন্য নিষিদ্ধ স্প্যানিশ ফুটবল প্রধান!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

মোরাতা-ইয়ামালদের ইউরো কাপ জয়ের দু’দিন পরই স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা আরএফইএফ-এ দেখা দিয়েছে চরম অস্থিরতা । আচরণবিধি ভঙ্গের দায়ে ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচাকে দু বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত বা টিএডি ।

মঙ্গলবার এই রায় দেয় আদালত । এর আগে ‘খুব গুরুতর অসদাচরণের’ জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএডি । গত বছরের অগাস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বনের প্রেক্ষিতে চাপের মুখে পড়ে, পরের মাসেই পদত্যাগ করেন আরএফইএফ-এর তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস । এরপর অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা । গত এপ্রিলে পূর্ণ মেয়াদে সভাপতি পদে নিযুক্ত হন তিনিই ।

আরএফইএফ-এর পরিচালন কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র অফিসিয়াল দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা । অভিযোগ, দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক আন্দ্রেউ কাম্পস-সহ আরএফইএফ-এর একাধিক সিনিয়র সদস্যদের বরখাস্ত করাসহ, নিজের ক্ষমতার অপব্যবহার করেন রোচা । সভাপতির পদ থেকে অপসারণের পাশাপাশি, ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাঁকে ।

গত রবিবার রাতে বার্লিনে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড সংখ্যক চতুর্থ বার কাপ জয়ের পর সোমবার দেশে ফিরে যায় স্প্যানিশ ফুটবল দল । আর তার পরের দিনই ঘোষিত হয় টিএডি-এর এই রায় । দুর্নীতির অভিযোগে রোচা এবং প্রাক্তন সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে আলাদা একটি স্প্যানিশ বিচার বিভাগীয় তদন্তও হয়েছে এই বছর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube