গাজায় ফের ইজরায়েলের হামলা, নিহত কমপক্ষে ৫৭

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

গাজায় যেন রক্তপাত থামছেই না । প্যালেস্তাইনের দখলে থাকা মধ্য ও দক্ষিণ গাজায় ইজরায়েলের বোমাবর্ষণে কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর খবর মিলেছে । যদিও নিহতের সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে গাজার স্বাস্থ্য কর্তাদের ।

অন্যদিকে সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার গাজার বিভিন্ন অংশে প্যালেস্তিনিয় জঙ্গি গোষ্ঠী হামাস যোদ্ধাদের সঙ্গে ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর লড়াই চলে জোরদার । হামাসের অভিযোগ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যর্থ করে দিতে, ইজরায়েল এখন গাজা ভূখণ্ডে হামলা জোরদার করছে । যদিও তেল আভিভের দাবি, তারা হামাস যোদ্ধাদের গাজার মাটি থেকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফার একটি বাড়িতে ইজরায়েলের বিমান হামলায় পাঁচ প্যালেস্তিনিয় নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন । মে মাস থেকে এই শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী । রাফার নিকটবর্তী খান ইউনিসেও ইসরায়েলি হামলায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে । এর পাশাপাশি খান ইউনিসেরই দক্ষিণে, আল মাওয়াসিতে একটি গাড়িতে ক্ষেপাণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি বাহিনী । তাদের হামলায় অন্তত ১৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মানবিক এলাকা বলে চিহ্নিত আল-মাওয়াসি এলাকার আত্তার সড়কে, বাস্তুচ্যুত পরিবারগুলির আশ্রয় নেওয়া একটি ত্রাণ শিবিরের কাছে আঘাত হানে । ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাসের বন্ধু ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালায় । এই হামলায় বেশ কয়েকজন অসামরিক ব্যক্তি আহত হন । যদিও গাজার এই সমস্ত প্রতিবেদনগুলো তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে তেল আভিভ ।

সংবাদ সংস্থার ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের গাধায় টানা গাড়ি এবং ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে । মধ্য গাজার আল-নুসেইরাত শিবিরে গোলাবর্ষণ এবং বিমান হামলার পৃথক ঘটনায় অন্তত আরও চার প্যালেস্তিনিয় নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন । তারা আরও জানান, উত্তর গাজার শেখ জায়েদে ইজরায়েলি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন । এর কয়েক ঘণ্টা পরে নুসেইরাত শিবিরে রাষ্ট্রসংঘের পরিচালিত একটি স্কুলে, ইজরায়েলের বিমান হামলায় ২৩ জন নিহত ও আরও বহু মানুষ আহত হন বলে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে । নিহতদের মধ্যে একজন সাংবাদিকও আছেন বলে জানা গিয়েছে । স্থানীয় ওই সাংবাদিকের নাম মোহাম্মদ মেশমেশ । মেশমেশকে নিয়ে গাজা যুদ্ধে ইজরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ১৬০ জন হল বলে দাঁড়িয়েছে হামাস পরিচালিত গাজার গণমাধ্যম দফতর । গাজার স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, প্রায় দশ মাস ধরে চলা ইজরায়েলি হামলায় গাজায় নিহত প্যালেস্তিনিয়র সংখ্যা প্রায় ৩৯ হাজার । অপরদিকে ইজরায়েলের দাবি, একই সময় গাজায় তাদের ৩২৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube