সোনারপুরে প্রতাপনগরের জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক নির্যাতিতা মহিলারা । আরও একজন মহিলাকে এবং তাঁর স্বামীকে সারারাত ধরে মারধর করার অভিযোগ প্রকাশ্যে এল ।
রুবিজান বিবি নামে এক গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী শাহরুখ শেখকে শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করা হয় । স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন নির্যাতিতা মহিলা । অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে এবং আইন আইনের পথে চলবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র । একই সাথে তিনি বলেন, জামালের সাথে তৃণমূলের কোন যোগ নেই ।
জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলা রশিদা বিবির বাড়িতে মঙ্গলবার রাতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র । এই ঘটনায় নির্যাতিতা মহিলা লাভলী মৈত্রের অফিসে গিয়ে তাঁর সাথে দেখা করেন । জামালের হাতে নির্যাতিতা মহিলা রশিদা বিবি বলেন, এর সাথে রাজনীতির কোন যোগ নেই । তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন কিন্তু বিচার পাননি । সেই কারণেই তিনি বিজেপির অগ্নিমিত্রা পাল-এর দারস্থ হয়েছিলেন । এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন সাহায্য করেনি তার দলীয় ভাবে খতিয়ে দেখা হবে ।
জামালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ । তবে অভিযুক্ত জামাল এখনও পলাতক । তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে । এই ঘটনায় মঙ্গলবারই মজিদ খাঁ ও অরবিন্দ সরদার নামে দু’জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ । ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

