দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তাঁর সিনেমা মানেই থাকে নতুনত্বের ছোঁয়া। সম্প্রতি মাক্কেল সেলভানের একেবারে ভিন্ন ধরনের সিনেমা মুক্তি পেয়েছে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার নাম ‘মহারাজা’। প্রসঙ্গত এবছরের ১৪ জুন দেশজুড়ে বড় পর্দায় মুক্তি পায় এই তামিল সিনেমাটি। শুধু বাণিজ্যিক ভাবেই সফল নয়, সমালোচকদেরও ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল ‘মহারাজা’।

ছবিটি যখন রমরমিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছিল, তখনই পরিচালক এবং প্রযোজক সিদ্ধান্ত নেন যে প্যান ইন্ডিয়ার দর্শকদের কথা মাথায় রেখে, এবার সেটি অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। সেই মত হল রিলিজের ঠিক একমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘মহারাজা’। তামিল ছাড়াও হিন্দি, তেলুগু, মালায়ালাম এবং কান্নাডা ভাষায় ডাব করে, রিলিজ করা হয় এই সিনেমা। বিজয় সেতুপতি ছাড়াও এই সিনেমার আরও একটি আকর্ষণ হল পরিচালক অনুরাগ কাশ্যপ। না, না! তিনি কিন্তু মহারাজা’-র পরিচালক নন বরং একজন অভিনেতা হিসেবে এই সিনেমায় রয়েছেন। একেবারে বিজয় সেতুপতির বিপরীতে। তাঁকে এরকম একটি ভয়ঙ্কর নেগেটিভ চরিত্রে পর্দায় দেখা যাবে, সেটা হয়তো দর্শকরা কল্পনাও করেননি। খুব সাধারণভাবে শুরু হওয়া সিনেমাটিতে থ্রিলার আর টুইস্ট রয়েছে পরতে পরতে। দুর্দান্ত ক্লাইমেক্সের জন্য নেটিজেনরা ‘মহারাজা’ সিনেমাকে ‘মাস্টারপিস’ বলে উল্লেখ করেছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই সিনেমার ঘোষণা হয়। তখন তার নাম ছিল ‘প্রজেক্ট VJS50’। কারণ এটা ছিল নায়ক হিসেবে বিজয় সেতুপতির পঞ্চাশতম সিনেমা। সেই মাস থেকেই শুরু হয় ছবির শুটিং। মূলত চেন্নাই শহরজুড়েই ক্যামেরাবন্দী করা হয় বিভিন্ন সিন। মাত্র ছয় মাসের মধ্যে পুরো সিনেমার শুটিং ক্যামেরাবন্দী হয়। তখনই চূড়ান্তভাবে ঘোষিত হয় সিনেমার নাম– ‘মহারাজা’।
সিনেমাটির পরিচালক নিথিলান সমিলাথন। বিজয় সেতুপতি অভিনীত চরিত্রের নাম মহারাজা। যিনি পেশায় একজন নাপিত। অপরদিকে, অনুরাগ অভিনয় করেছেন সিলভা নামের একটি চরিত্রে। যে পেশায় চোর. শুধু চুরি নয়, এই কাজে সে একাধিক খুন এবং ধর্ষণও করেছে। কিন্তু লোকের চোখে ধুলো দিতে, তার একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকান আছে। তাঁর সাগরেদ সাবারি। ঘটনাক্রমে দাড়ি কামাতে এসে মেয়ের জন্মদিনের উপহার হিসেবে একটি দামি সোনার জিনিস হারিয়ে ফেলে সেলভাম। সেটা ফেরত দিতে গিয়ে ঘটনাচক্রে জড়িয়ে যায় মহারাজা। যাকে কেন্দ্র করে শুরু হয় বাঘ সিংহের লড়াই। থ্রিলারধর্মী হলেও, মহারাজা সিনেমায় রয়েছে অ্যাকশন এবং কমেডির ছোঁয়া। কিন্তু সবচেয়ে বড় চমক রয়েছে ক্লাইম্যাক্স সিনে।

বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমতা মোহনদাস, নটরাজন সুব্রমনিয়ম, সিঙ্গমপুলি, ভিনোদ সাগর সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালক বি আজানীশ লোকনাথ। মুক্তির প্রথম সপ্তাহান্তে এই ছবির বক্স অফিস আয়, চলতি বছরের অন্যান্য তামিল ছবির থেকে সবচেয়ে বেশি। সিনেমাটির বর্তমান আইএমডিবি রেটিং ১০ এর মধ্যে ৮.৭। চিত্র সমালোচকরা তো এই সিনেমায় বিজয় সেতুপতির অভিনয় দেখে বলেই ফেলেছেন, মাক্যেকেল সেলভানের মধ্যে দেখা যাচ্ছে উলগানায়গনের ছায়া।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

