প্যারিস অলিম্পিক গেমসের মশাল বাহকের তালিকায় নাম লেখালেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর তারকা সদস্য জিন । কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপকে উদ্ধৃত করে সেদেশের একটি জনপ্রিয় সংবাদপত্র লিখেছে, রবিবার ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামের সামনে, ভারতীয় সময় রাত বারোটা নাগাদ মশাল নিয়ে দৌড় শুরু করেন কে-পপ আইডল জিন ।
পুলিসের ঘেরাটোপে, মশাল হাতে দু’শো মিটার পর্যন্ত দৌড়ন জিন । প্যারিসের রাস্তার দু’ধারে তখন তাঁর ভক্ত সমাগম । সকলেই করতালি দিয়ে জিনকে উৎসাহিত করছিলেন । রবিবার ছিল ফ্রান্সে ঔতিহাসিক বাস্তিল দিবস । তাই এদিনের মশাল দিবের গুরুত্বই ছিল আলাদা ।
রবিবারই অলিম্পিকের ঐতিহ্যশালী মশালটি পৌঁছয় প্যারিসে । আগামী ২৬শে জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকের আসর । তার আগে প্রতিবারের মত এবারও রীতি মেনে এই মশাল দৌড়ের আয়োজন করা হয় ফরাসি রাজধানীতে । আর সেই আয়োজনে সামিল হয়ে, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় পপ তারকা কিম সিয়ক জিন । তারপর তিনি বলেন, এই ঐতিহাসিক মশাল দৌড়ে তাঁকে সুযোগ দেওয়ায় তিনি কর্তৃপক্ষের কাছে ভীষণ ভাবে কৃতক্ষ । তার জন্য নিজের ভক্ত এবং দেশের সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান জিন ।
মশাল দৌড়ে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবারই প্যারিসে হাজির হন জিন । প্রসঙ্গত, ৩১ বছরের এই পপ স্টার, সামরিক প্রশক্ষিণ শেষ করে কিছুদিন আগেই বাড়ি ফেরেন । জিনের ফেরার দিন রাজধানী সিওলে রীতিমত উৎসব লেগে যায় । ওই অনুষ্ঠানে চার হাজার শ্রোতা উপস্থিত থাকলেও, মঞ্চে উঠে জিনকে আলিঙ্গনের সুযোগ পান মাত্র এক হাজার অনুরাগী । জানা গিয়েছে, র্যা ফেল ড্রয়ের মাধ্যমে ওই এক হাজার ভক্তকে বেছে নেয় কর্তৃপক্ষ । চলতি বছরের শেষ দিক থেকে আবার সঙ্গীত দুনিয়ায় ফেরার কথা রয়েছে জিনের ।
কোরিয়ায় তরুণদের সামরিক প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি শুরু হয় সাধারণ ১৮ বছর বয়স থেকে । ২০ বছর বয়সের মধ্যে তাদের শারীরিক পরীক্ষা করা হয় যে, আদৌ সেই তরুণ সামরিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত কি না । পরীক্ষায় পাস করলে, পরে সুবিধাজনক সময়ে টানা ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হয় তরুণদের । তবে ২০২২ সালে আইন সংশোধন করে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে ৩০ বছর করা হয় । এই ‘বিশেষ ক্ষেত্রের’ মধ্যে পড়েছেন বিটিএসের সদস্যরা ।
দলের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন । এছাড়া সুগা একজন সোশাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন । কারণ তিনি নিয়মিত প্রশিক্ষণের জন্য যে শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে, সেটি তিনি পূরণ করতে পারেননি, তাই তাঁর জন্য এই ব্যবস্থা । বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের জুনে সামরিক বাহিনী থেকে বিটিএস সদস্যদের দায়িত্ব শেষ হবে । তারপর শুরু হবে এশিয়া এবং তারপর ওয়ার্ল্ড ট্যুর ।