মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫, জখম অন্তত ২০!
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
সোমালিয়ার রাজধানীতে রক্তপাত । ইউরো কাপ ফুটবল ২০২৪ –এর ফাইনাল ম্যাচ চলাকালীন স্থানীয় এক ক্যাফের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ।
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি ক্যাফের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫জনের মৃত্যুর খবর মিলেছে । জখম আরও অন্তত ২০জন । পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বহু মানুষ ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখছিলেন । তখনই ঘটে বিস্ফোরণ । এই ঘটনার জন্য সেদেশের কট্টরপন্থি ইসলামিক সংগঠন আল শাবাব গোষ্ঠীকেই দায়ী করেছে পুলিস । সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে ১০টি গাড়ির ধ্বংস হওয়ার পাশাপাশি নিকটবর্তী বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত । সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে, কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় হামলাটি চালানো হয় ।
দীর্ঘদিন ধরে সোমালিয়ায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আলকায়দার শাখা সংগঠন আল শাবাব । রবিবার রাতের বিস্ফোরণের পর নিজেদের এক রেডিও স্টেশনের মাধ্যমে তারা ঘোষণা করে, এমন একটি স্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয় । ইসলামপন্থি এই গোষ্ঠীটি একসময় সোমালিয়ার অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে রেখেছিল । সোমালিয়ায় কঠোর ইসলামিক আইন বা শরিয়তি শাসন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব ।