জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: ইউরোপকে হুঁশিয়ারি রাশিয়ার
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
মার্কিন যুক্তরাষ্ট্রের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন মেনে নিলে ইউরোপের দেশগুলো ঝুঁকির মুখে পড়বে । তাদের দেশের রাজধানীগুলো এবার মস্কোর নিশানা হতে পারে । দাবি ক্রেমলিনের মুখপাত্র পেসকভের ।
ন্যাটো সম্মেলনের মঞ্চেই জার্মানিতে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছিল আমেরিকা । রাশিয়া এবার পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশগুলিকে । রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার প্রকাশিত এক ভিডিওতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন মেনে নিলে, ইউরোপের বিভিন্ন দেশগুলি তখন নিজেরাই নিজেদেরকে বড়সড় বিপদের মুখে ফেলবে ।
রাশিয়ার জাতীয় সংবাদমাধ্যমের এক শীর্ষ সাংবাদিক পাভেল জারুবিন ইউরোপের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন পেসকভকে । তখন তিনি বলেন, ‘এসব ক্ষেপণাস্ত্র ঠেকানোর যথেষ্ট সক্ষমতা মস্কোর রয়েছে । কিন্তু এইসব ক্ষেত্রে ইউরোপীয় রাষ্ট্রের রাজধানীগুলো রুশ রোষের শিকার হতে পারে’ ।
স্নায়ুযুদ্ধের কথা উল্লেখ করে পেসকভ বলেন, সে সময় ইউরোপে মোতায়েন আমেরিকার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার দিকে তাক করা ছিল । আর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো তাক করা ছিল ইউরোপের দিকে । এতে ইউরোপ মহাদেশের বিভিন্ন রাষ্ট্র, সম্ভাব্য যে কোনও সংঘাতের প্রথম শিকার হওয়ার মুখে ছিল । তিনি বলেন, ‘ইউরোপ এখন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে । ইউরোপের জন্য সময়টা ভালো নয় । ফলে, কোনও না কোনওভাবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই’ ।
গত বুধবার পশ্চিমি সামরিক জোট ন্যাটোর সম্মেলনে হোয়াইট হাউজের তরফে বলা হয় যে ২০২৬ সাল থেকে পর্যায়ক্রমে জার্মানির মাটিতে মোতায়েন হবে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র । আর এই কাজটা করবে মার্কিন যুক্তরাষ্ট্র । স্নায়ুযুদ্ধের পর এই প্রথম আমেরিকাএমন পদক্ষেপ নিয়েছে । এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এসএম-৬ এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র । বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এইসেব ক্ষেপণাস্ত্রের দূরপাল্লায় আঘাত হানার ক্ষমতা অনেক বেশি ।
রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সার্গেই রিয়াবকভ
এর আগে, জার্মানিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ‘এই নতুন হুমকির জবাব সামরিকভাবেই দেওয়া হবে’ বলে জানিয়েছিলেন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সার্গেই রিয়াবকভ । ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি । কিন্তু কোনও কিছু মস্কোকে দমাতে পারবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রিয়াবকভ ।