৪ বিধায়কের শপথ নিয়ে কী ভাবছে বিধানসভা? চিঠি যেতে পারে রাজ্যপালের কাছে

নতুন করে শপথ জট চাইছে না রাজ্য। তাই নতুন চার বিধায়কের শপথ নিয়ে বিধানসভার পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি পাঠানো হতে পারে। সূত্রে খবর, আজই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে চিঠি যেতে পারে। চার বিধায়কের শপথ নিয়ে রাজভবন কী জবাব দেয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ- এই চার কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা। এবার তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রথা মেনেই রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলে খবর। তবে রাজভবনের তরফে কোনও জবাব না এলে আসন্ন বাদল অধিবশনে বিধানসভা আইনের চ্যাপ্টার ২-এর ৫ নম্বর ধারা প্রয়োগ করে সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী- এই চার জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হতে পারে।

লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচন হয়। বরাহনগর ও ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। একমাস ধরে তাঁদের শপথ প্রক্রিয়া আটকে ছিল। রাজভবন ও বিধানসভার মধ্যে চিঠির আদান প্রদান হয়েছিল। জয়ী প্রার্থীরাও বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। কিন্তু তাতেও সুরাহা হচ্ছিল না।

দীর্ঘ টালবাহানার পর রাজভবনের তরফে চিঠি দিয়ে বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়। তবে স্পিকারকে এড়িয়ে এই দায়িত্ব নিতে চাননি ডেপুটি স্পিকার। শেষপর্যন্ত কার্যত রাজ্যপালের নির্দেশ অমান্য করেই দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত ৫ জুলাই বিধায়ক হিসেবে শপথ নেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এবার নতুন চার বিধায়কের শপথে জটিলতা এড়াতে তৎপর বিধানসভা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube