ক্ষমতায় ফিরলে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নিজের অবস্থান বদলাবেন ট্রাম্প?

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে, সেদেশের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে বদল আনবেন বলে যে ঘোষণা করেছিলেন । গুলিতে আহত হওয়ার পর তিনি কী নিজের অবস্থান ধরে রাখবেন? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন রাজনীতির অলিন্দে ।

আমেরিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে নিরীহ নাগরিকদের মৃত্যুর ঘটনায় বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে চলছে আলোচনা । এক পক্ষ যেমন চলতি আইনের পক্ষে, তেমনই তার বিপক্ষেও সরব অনেকে । সম্প্রতি এই বির্তককে সামনে এনেছে শনিবারের ঘটনা । যেখানে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় গুলিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়ার ঘটনা ঘটে; যিনি বারবার মার্কিন মুলুকে অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে নিজের জোরালো অবস্থানের কথা জানিয়ে এসেছেন ।

শনিবার রাতে নির্বাচনি জনসভার মঞ্চে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী, ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি । গুলি তাঁর ডান কান ছুঁয়ে যায় । সঙ্গে সঙ্গে তিনি মঞ্চে বসে পড়েন রক্তাক্ত অবস্থায় । সেই দৃশ্য তোলপাড় করে দিয়েছে মার্কিন রাজনীতি ।

ওই ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের অসহিষ্ণুতার কোনও জায়গা নেই মার্কিন রাজনীতিতে’ । সংবাদ সংস্থা জানিয়েছে, বাইডেন প্রশাসনের সর্বশেষ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বর্তমানে আগ্নেয়াস্ত্র বিক্রি করার সময় ক্রেতার অপরাধের ইতিহাস আছে কি না, এবং তিনি মানসিকভাবে সুস্থ কি না, বিক্রেতাদের সেটি নিশ্চিত হওয়ার আবশ্যকতা রয়েছে । বন্দুকধারীদের গুলিতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই সিদ্ধান্ত নেয় । তবে গত ফেব্রুয়ারিতে অস্ত্রধারী কর্মীদের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা এনআরএ আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তাঁর অফিসে ফেরার প্রথম সপ্তাহে, সম্ভবত প্রথম দিনই অস্ত্র মালিক ওঅস্ত্র প্রস্তুতকারকদের ওপর বাইডেন প্রশাসনের প্রতিটি ‘আক্রমণ’ বন্ধ করা হবে ।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জেমস অ্যালান ফক্স
শনিবার রাতের হামলার পর ট্রাম্প অস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে নিজের অবস্থান বদলাবেন কি না, এখন সেই প্রশ্নই যেমন সামনে আসছে, তেমনই এই ঘটনা আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞান, আইন ও নাগরিক নীতি বিভাগের অধ্যাপক জেমস অ্যালান ফক্স বলেন, এই ঘটনার পর ট্রাম্পের নির্বাচনি প্রচার সভায় ‘অস্ত্র সহিষ্ণুতা’ একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে ।

শনিবার পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলাকারীর ছোঁড়া গুলিতে সমাবেশে আসা এক রিপাবলিকান সমর্থকের মৃত্যু হয় । গুরুতর আহত হন আরও দু’জন । পরে সিক্রেট সার্ভিসেসের এক অফিসারের গুলিতে ওই পুরুষ হামলাকীর মৃত্যু হয় । আর সেই থেকেই মার্কিন মুলুকের সংবাদ শিরোনামে অস্ত্র নিয়ন্ত্রণ নীতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube