মার্কিন রাজনীতি কখনও ‘বধ্যভূমি’ হতে পারে না: বাইডেন
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর মার্কিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দেশে ‘রাজনীতির তাপমাত্রা’ কমানোর আহ্বান জানিয়েছেন । রবিবার হোয়াইট হাউজের ওভাল দফতর থেকে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সকলকে সতর্ক করে বলেন, বিষাক্ত কথাবার্তা ও রাজনৈতিক উত্তেজনা, রক্তপাতের দিকে ঠেলে দিতে পারে । সেটা বন্ধ করতে হবে । কারণ, ‘রাজনীতির ময়দান কখনোই আক্ষরিক অর্থে যুদ্ধক্ষেত্র বা বধ্যভূমি হতে পারে না’ । মন্তব্য বাইডেনের ।
আমেরিকারর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অল্পের জন্য এক বন্দুকবাজের নিশানা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পরের দিন, মানে রবিবার মার্কিন প্রেসিডেন্ট এই আবেদন জানান । সমঝোতামূলক এক বক্তব্যে তিনি মার্কিন জনগণকে ‘কূপমণ্ডুকতা’ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন । তিনি জোর দিয়ে বলেন, ‘গণতান্ত্রিক দেশে মতবিরোধ থাকতেই পারে । আর তাই সবাইকে রাজনীতির পারদ কমানোর দায়িত্ব নিতে হবে’ । জো বাইডেন আরও বলেন, ‘এই ধরনের অসহিষ্ণুতার কোনও স্থান আমেরিকায় নেই । কোনও ধরনের অসহিষ্ণুতারই নেই । কোন ব্যতিক্রম নেই । এই অসহিষ্ণুতাকে স্বাভাবিক হতে দিতে পারি না আমরা’ ।
প্রাক্তন স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পোলেসি
ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টার নিন্দা করে তিনি গত কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু অসহিষ্ণুতার উল্লেখ করেন । যার মধ্যে ছিল ২০২১ সালে ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটলে হামলা, ২০২০ সালে মিশিগানের গভর্নরকে অপহরণের চক্রান্ত এবং ২০২২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পোলেসির স্বামীর ওপর হামলার ঘটনা । বাইডেন বলেন, ‘এই দেশের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে । এখন সময় এটিকে ঠাণ্ডা করার । আর সেটা করা আমাদের সকলের দায়িত্ব’ ।
প্রায় সাত মিনিটের ভাষণে বাইডেন বলেন, ‘আমেরিকায় আমরা আমাদের পার্থক্যগুলো সমধান করি, মত প্রকাশ করি ব্যালট বাক্সে । এখনও আমরা সেভাবেই করব । ব্যালট বাক্সে, বুলেট দিয়ে নয় । তার এই ভাষণ আমেরিকার সমস্ত চ্যানেলই সম্প্রচার করেছে । সেখানে তিনি আরও বলেন, আমেরিকাকে পরিবর্তন করার ক্ষমতা সবসময় জনগণের হাতে থাকা উচিত । একজন সম্ভাব্য হত্যাকারীর হাতে নয় । অসহিষ্ণুতা কখনই উত্তর হতে পারে না ।
সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত আমেরিকায় চারজন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে আর বেশ কয়েকজন অল্পের জন্য হত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছেন । একাধিক প্রেসিডেন্ট প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন । কেউ কেউ মারাও গিয়েছেন । হোয়াইট হাউজের কর্তাদের আশা, ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনা হয়ত বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করার পরিবর্তে, ডেমোক্র্যাট সমর্থকদের তাঁর পাশে হওয়ার ইন্ধন যোগাবে ।