জামিনে মুক্ত হওয়ায় পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে দু’জনের একটি বৈঠক হয় বলেও খবর। তবে এই সাক্ষাতের নেপথ্যে কী কারণ, তা নিয়ে কৌতূহল বাড়ছিল রাজনৈতিক মহলে।
এদিন প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডেলে হেমন্ত সোরেন ও নরেন্দ্র মোদীর সাক্ষাতের কিছু ছবি শেয়ার করা হয়। সূত্রে খবর, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত কয়েকটি বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। যদিও জেএমএম নেতা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। প্রকৃত কারণ সামনে না এলেও মোদী-হেমন্ত সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হেমন্ত সোরেন বর্তমানে দিল্লি সফরে রয়েছেন। সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সস্ত্রীক তাঁর সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তারপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন তিনি।
জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে রাঁচিতে ৮.৮৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছিল। গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সেইসময়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন। গত ২৮ জুন জামিনে মুক্ত হন জেএমএম নেতা। তারপরই ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়ে ফের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

