৪৬ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! কৌতূহল ভক্তমহলে

দীর্ঘ প্রতীক্ষার অবসান! ৪৬ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। রবিবার দুপুর ১ টা ২৮ মিনিটে খোলা হয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রত্নভাণ্ডারের দরজা। প্রথমবার ওড়িশায় ক্ষমতায় এসেই বিজেপি সরকার এই ‘রহস্যময়’ বন্ধ দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছিল। এনিয়ে আমজনতা ও ভক্তদের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।

ওড়িশা বিধানসভা নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে রত্নভাণ্ডারের দরজা খোলা হবে। সেইমত ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণের উদ্দেশে কাজ শুরু হয়। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, মন্দিরের পুরোহিত-কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর স্থির করা হয় রথ ও উল্টোরথের মাঝামাঝি সময় রত্নভাণ্ডারের দরজা খোলা হবে। এরপরই আজ, ১৪ জুলাই ‘পবিত্র সময়’ দুপুর ১ টা ২৮ মিনিটে কমিটির ১১ জন সদস্যের সাহায্যে রত্নভাণ্ডারের দরজা খোলা হয়।

১৯৭৮ সালে শেষবার রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছিল। ৪৬ বছর পর রবিবার তালাবন্ধ সেই দরজা খোলা হয়। হাইকোর্টের নির্দেশ মেনেই মন্দির প্রশাসনের সঙ্গে কাজ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে সূত্রে খবর, রত্নভাণ্ডারের অবস্থান অজানা থাকায় মূল্যবান রত্ন, অলঙ্কার উদ্ধার বেশ ‘চ্যালেঞ্জিং হতে পারে বলেই মনে করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি।

বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায়, পুরীর মন্দিরে গোপন কক্ষে সাতটি ঘর আছে। সেগুলিকেই রত্নভাণ্ডার বলা হয়। শেষবার তিনটি কক্ষের দরজা খোলা গেলেও বাকিগুলি খোলা সম্ভব হয়নি। ফলে সেই ঘরে কী আছে তা রহস্যের আড়ালেই রয়ে গিয়েছিল। ১৯৭৮ সালে একটি তালিকা তৈরি করা হয়েছিল যেখানে উল্লেখ করা হয়, ‘বাহার ভাণ্ডার’-এ ১৫০ রকমের স্বর্ণ অলঙ্কার আছে। যার মধ্যে তিনটি স্বর্ণহার আছে, এক একটির ওজন প্রায় দেড় কেজি। ২০১৮ সালে তৎকালীন আইনমন্ত্রী ওড়িশা বিধানসভায় দাবি করেছিলেন, মন্দিরের রত্নভাণ্ডারে প্রায় ১২৮০০ ভরিরও বেশি সোনার গয়না আছে।   

উল্লেখ্য, লোকমুখে প্রচারিত যে রত্নভাণ্ডার পাহারা দেয় বিষাক্ত সাপের দল। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন খোদ মন্দিরের প্রধান সেবায়েত হলধর দাস। তবে সাপের আশঙ্কায় মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়। রত্নভাণ্ডারের দরজা খোলার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাপুড়েরাও ভিতরে ঢুকেছিল। তবে ‘রহস্যময়’ রত্নভাণ্ডারের ভিতরে কী আছে, সেই সত্য উদঘাটনের অপেক্ষায় সমগ্র দেশবাসী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube