১২ জুলাই চার হাত এক হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের । ১৩ জুলাই ছিল নতুন বউয়ের গৃহপ্রবেশ আর আশীর্বাদের অনুষ্ঠান । আর এবার পালা গ্র্যান্ড রিসেপশনের । বিয়ের মতোই যে রিসেপশনেও চাঁদের হাট বসবে তা আর বলার অপেক্ষা রাখে না । রিসেপশনের আমন্ত্রিত টলিউডের বেশ কিছু তারকা । আমন্ত্রিত টলিউডের তারকা দম্পতি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত ।
এদিন সকালেই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তারকা জুটি । অভিনেত্রীর পরনে ছিল জিনস আর টপ । যশ জিনসের উপরে পরেছিলেন সাদা শার্ট । এদিন নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি স্টোরি ও শেয়ার করেছেন নুসরাত । ক্যাপশনে লিখেছেন, ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’। আর তাতেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা । যশ নুসরাত ছাড়াও ইতিমধ্যেই মুম্বইয়ের রওনা দিয়েছেন রাইমা সেন । আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে রিয়া সেনও ।
উল্লেখ্য, নব দম্পতি অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন খোদ এরাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিয়েতে হাজিরও হয়েছিলেন মুখ্যমন্ত্রী । এমনকি আশীর্বাদের দিন হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । ব্যয়বহুল এই বিয়েতে যোগ দিয়েছিল গোটা বলিউড । অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত থেকে শুরু করে রণবীর সিং, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট সহ গোটা বলিউড । এখন দেখার বিয়ের মতো অনন্ত-রাধিকার রিসেপশনের কী কী চমক থাকে ।