বিয়ের অনুষ্ঠানের মেনুতে নিরামিষ, মাছ-মাংসের কোনও পদই রাখা হয়নি। পছন্দের খাবার না থাকায় কনে ও বর পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই হাতাহাতি জড়িয়ে পড়েন তারা। ভেস্তে যায় বিয়ের অনুষ্ঠান। আহতের সংখ্যা একাধিক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়।
সূত্রে খবর, উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা সুষমার সঙ্গে অভিষেক শর্মা নামের এক যুবকের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিয়ের আসর বসে দেওরিয়ার আনন্দ নগর গ্রামে। বর-কনের মালাবদলের পরেই বরপক্ষ খাওয়ার জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তাঁরা দেখে মেনুতে সব খাবারই নিরামিষ। মাছ-মাংসের কোনও আয়োজন নেই। এরপরই বরপক্ষের লোকেরা কনেপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পাত্রের বাবা অশ্রাব্য ভাষায় তাঁদের গালিগালাজ করে বলেও অভিযোগ। বচসা থেকে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কনেপক্ষের একজনকে চড় মারার অভিযোগ উঠেছে পাত্রের বিরুদ্ধে। নিরামিষ মেনুর কারণে এক বিয়ের আসর নিমেষেই রণক্ষেত্র হয়ে উঠেছিল।
এরপরই কনের বাবা পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দায়ের করা হয় অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত বলেও খবর। কনেপক্ষের তরফে আরও অভিযোগ করা হয়েছে, বিয়ের যৌতুক হিসেবে বরের পরিবারকে সাড়ে চার লক্ষ টাকা নগদ, কুড়ি হাজার টাকা মূল্যের দু’টি সোনার আংটিও দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত শনিবারই উত্তরপ্রদেশের বালিয়ায় সামান্য কারণে একটি বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়। পুলিশ সূত্রে খবর, এয়ার কুলারের সামনে বসা নিয়ে বরপক্ষের অতিথিদের মধ্যে বচসা শুরু হয়। পাত্রের পরিবার-আত্মীয়দের ব্যবহার দেখে বিয়ে বাতিল করে দেন কনে। এই ঘটনায় বর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

