উপনির্বাচনেও বাংলায় দেখা গেল সবুজ ঝড়। চার কেন্দ্রেই জয়ী হল তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি অলে পরিচিত তিন আসন বড় ব্যবধানে ছিনিয়ে নিয়েছে শাসক দল। এই ফলাফলের জন্য বাংলার মা মাটি মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই থেকে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
মানিকতলা আসন তৃণমূলের দখলেই ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিলেন সাধন পাণ্ডে। তাঁর প্রয়াণের পর আইনি জটিলতা কাটিয়ে এই আসনে উপনির্বাচন হয়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ৬২ হাজারের বেশি ভোটে হারিয়ে মানিকতলায় জিতলেন সাধন জায়া সুপ্তি পাণ্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মা-মাটি-মানুষকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। লোকসভা ভোটের পর এর একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ একমাত্র মানিকতলা আমাদের ছিল…।’
বাগদা আসনে ঠাকুর বাড়ির সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দিয়েছিল শাসক দল। মতুয়াগড়ে বিজেপিকে হারিয়ে বড় জয় পেল তৃণমূল। রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীর প্রশংসা শোনা যায় তাঁর মুখে। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও রানাঘাট আসনে পরাজয় নিয়েও সুর চড়ান তিনি। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘আজকের এই জয় মানুষের জয়। নতুন করে দায়বদ্ধতা বেড়ে গেল। বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় কাজ করব।’ লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের সাফল্য উৎসর্গ করলেন ২১ জুলাইয়ে।
উল্লেখ্য, বাংলা সহ সাত রাজ্যের ১৩ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে শনিবার। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৯ আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ২ টি। যে আসনে গণনা চলছে সেখানেও এগিয়ে রয়েছে বিরোধীরা। গোটা দেশে বিজেপির বিরুদ্ধে ট্রেণ্ড হচ্ছে, কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

