উপনির্বাচনে চার কেন্দ্রেই জয় পেয়েছে শাসক দল তৃণমূল। উল্লেখযোগ্য বিষয়টি হল তিন কেন্দ্র বিজেপির দখলে ছিল। সেখানেও বড় ব্যবধানে জয়ী তৃণমূলের প্রার্থীরা। চার কেন্দ্রেই দলের ‘ধরাশায়ী’ অবস্থা নিয়ে মুখ খুললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। ভোটের সময় সন্ত্রাসের অভিযোগে সরব হলেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দল। এটাই পশ্চিমবঙ্গের শাসক দল। বাগদা ও রানাঘাট দক্ষিণে যে ব্যবধানে বিজেপিকে হারতে হয়েছে, সেই কারণ বিশ্লেষণ করবে বিজেপি। পাশাপাশি এই পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াবে বলেও জানান শমীক ভট্টাচার্য। তিনি আরও দাবি করেন, মানুষের কাছে কিছু ভুল বার্তা গিয়েছে। আতঙ্কের আবহে ভোট হয়েছে। বাগদা ও রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানুষের প্রতিফলন নয়। ভোটে সন্ত্রাসের অভিযোগে তৃণমূলের দিকে আঙুল তুলতেও ছাড়লেন না বিজেপি নেতা। শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠন আমরা তৈরি করে উঠতে পারিনি। বোমা-গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল, দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হল সেক্ষেত্রে হয়েছে। এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
গত ১০ জুলাই মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়। ১৩ জুলাই, শনিবার ফল প্রকাশের দিনে দেখা গেল মানিকতলা আসন ধরে রাখল তৃণমূল। পাশাপাশি বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ- এই তিনটি আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে শাসক দল। লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও পশ্চিমবঙ্গে দেখা গেল সবুজ ঝড়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

