বিজেপির ‘গড়’ বাগদা-রায়গঞ্জে জয়ী তৃণমূল, বাকি দুই আসনেও এগিয়ে শাসক দল

উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। শনিবার ভোট গণনার শুরু থেকেই চার কেন্দ্রেই এগিয়ে ছিল শাসক শিবির। বেলা গড়াতেই দুই কেন্দ্রে জয় নিশ্চিত করল তারা। বিজেপির দখলে থাকা রায়গঞ্জ ও বাগদায় জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। অন্যদিকে মানিকতলা ও রানাঘাট দক্ষিণে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনের পর এবার উপনির্বাচনেও বাংলায় ফের সবুজ ঝড়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ- এই চার কেন্দ্রে উপনির্বাচন হয় গত ১০ জুলাই। শনিবার (১৩ জুলাই) চলছে ভোট গণনা। এদিন গণনার শুরু থেকেই দেখা যায় চার কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। ইতিমধ্যেই রায়গঞ্জ ও বাগদার ফল ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (রায়গঞ্জ) এবং মধুপর্ণা ঠাকুর (বাগদা) জয়লাভ করেছেন। কৃষ্ণ কল্যাণী ৫০ হাজারেরও বেশি ভোটে এবং মধুপর্ণা ঠাকুর ৩৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মানিকতলায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। একইভাবে রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছেন শাসক দলের প্রার্থী মুকুটমণি অধিকারী।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে জয় পেয়েছিল বিজেপি। পরবর্তীকালে তিন কেন্দ্রের তৎকালীন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁদের। বিধায়ক শূন্য আসনেই উপনির্বাচন হল। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী ও রানাঘাটে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হলেও বাগদায় ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে টিকিট দিয়েছিল শাসক দল।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের কারণে মানিকতলা আসন বিধায়কশূন্য হয়। তবে আইনি জটিলতার কারণ দু’বছর থমকে ছিল উপনির্বাচন। সেই জটিলতা কাটিয়ে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছিল তৃণমূল। ফের একবার এই আসন ধরে রাখার পথে শাসক দল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube