একাধিক কর্মসূচি নিয়ে তিন দিনের মুম্বই সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানা গিয়েছিল, মুম্বই সফরে ইন্ডিয়া জোটের শরিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন। সেই জল্পনা সত্যি করেই শুক্রবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই ৪ টে নাগাদ তাঁর বাসভবন ‘মাতোশ্রী’তে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো।
শুক্রবার বিকেলে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরেও সেখানে উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। চলতি মাসেই রয়েছে বাজেট অধিবেশন। সংসদে কেন্দ্রকে চাপে ফেলতেই উদ্ধব-মমতার ‘কৌশলী’ বৈঠক হয়েছে বলে অনুমান রাজনৈতিক মহলের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের নীতি একটাই, সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো। সংসদের বিষয়ে ইন্ডিয়ার কমিটি রয়েছে। বাজেটের বিষয়ে কমিটির নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।‘ অন্যদিকে উদ্ধব ঠাকরে এই বৈঠকটিকে ‘পারিবারিক বৈঠক’ হিসেবে আখ্যা দিয়েছেন। শুক্রবার তৃণমূল নেত্রী ইন্ডিয়া জোটের অন্য দুই শরিক সদস্য শরদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে। এরপর বিকেলে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিক মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেখানে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর জন্য প্রচারে আসবেন বলেও জানান বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদব, বিহারে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের হয়েও প্রচার করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

