।। সানন্দা বসু ।।
পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর নাগেরবাজারে অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। প্রবল বৃষ্টির মধ্যেই ভোররাতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন গেলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। আশেপাশে একাধিক কারখানা ও বসতি এলাকা রয়েছে। গোডাউনের মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছিল। অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা ছিল। স্থানীয় দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে বলে অনেকের অভিযোগ। তবে হতাহতের কোনও খবর নেই, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। দমকলের তরফে জানানো হয়েছে, প্রায় ১ লক্ষ স্কোয়ার ফুট এলাকাজুড়ে আগুন লাগে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন এতটা ছড়িয়ে গিয়েছে বলে অনুমান দমকলের। এলাকায় যে শেড ছিল, আগুনের ফলে সেটিও ধসে পড়েছে। অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

