আমেরিকায় বাড়বে ধনকুবেরের সংখ্যা, কমবে ব্রিটেনে

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে ধনকুবেরের সংখ্যা বাড়বে । ব্যতিক্রম ব্রিটেন । এমনটাই দাবি করেছে ‘দ্য ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০২৪’ । রিপোর্টে বলা হয়েছে, ব্রিটেনে দশ লক্ষ ডলারের সম্পদ থাকা ধনকুবেরদের সংখ্যা চলতি বছর ১৭ শতাংশ কমে দাঁড়াবে ২,৫৪২৪৬৪ জনে । গতবছর সেই সংখ্যাটা ছিল ৩,০৬১,৫৫৩ জন । তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানসহ অন্যান্য দেশে এই ধনকুবেরদের সংখ্যা বাড়তে পারে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে ।

ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্ট এর প্রধান অর্থনীতিবিদ পল ডেনোভান
ব্রিটেনের পাশাপাশি নেদারল্যান্ডসেও ধনকুবেরের সংখ্যা আগের বছরের চেয়ে কমবে । গতবছর যেখানে ধনকুবেরের সংখ্যা ছিল ১,২৩১৬২৫ জন, তার থেকে ৪ শতাংশ কমে দাঁড়াবে ১,১৭৯৩২৮ জনে । এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে । ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্ট এর প্রধান অর্থনীতিবিদ পল ডেনোভান বলেন, ব্রিটেন থেকে ধনকুবেরদের চলে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে । কেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চসংখ্যক ধনকুবেরের এই দেশটি থেকে এখন তাঁদের চলে যাওয়ার পরিসংখ্যান ‘অস্বাভবিকভাবে বেড়ে গেছে’?
ডেনোভানের মতে, ব্রিটেন তাদের অ-আবাসিক (নন-ডোম) ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায়, এর কিছু প্রভাব পড়েছে । এই ব্যবস্থায় অর্থবান মানুষেরা বিশেষত, যে সমস্ত বিদেশী নাগরিক ব্রিটেনে বসবাস করেন, তাঁরা বৈদেশিক আয়ের ওপর কর এড়াতে পারতেন । বর্তমানে এই সুবিধা না থাকায়, এখন ভিনদেশি ধনকুবেররা কোথায় কর কম দেওয়া যায়, এমন সবব জায়গাই খোঁজ করে, সেখানে চলে যাচ্ছেন ।

ব্রিটেনকে বলা হয় বিশ্বে সবচেয়ে বেশি করের দেশ । অর্থবান মানুষ, যাঁদের বছরে আয় ১২৫,১৪০ পাউন্ডের বেশি, তাঁদেরকে ৪৫ শতাংশ হারে কর দিতে হয় । যার অর্থ হল আয়ের প্রায় অর্ধেকই সরকারকে দিতে হয় । এমনকী ব্রিটেনের অধিবাসী না হওয়ার পরেও সেদেশে আয়ের ওপর সরকারকে কর দেওয়ার নিয়ম চালু আছে অধিকাংশ ক্ষেত্রে । সম্প্রতি কয়েকবছরে ব্রিটেন সরকার ক্রিপ্টোকারেন্সির ওপরেও কর চালু করেছে । এই করও দিতে হয় ৪৫ শতাংশ হারে । তার ওপর চলতি বছরের নির্বাচনে ব্রিটেনে লেবার পার্টির জয়, ধনকুবেরদের সেদেশ ছেড়ে যেতে আরও উস্কে দিয়েছে বলেই মনে করা হচ্ছে ।

লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারের কর নীতি অনুসরণ করার প্রতিশ্রুতি দিলেও, দলটির বিভিন্ন খাতে কর বাড়ানোর পরিকল্পনা, কার্যত ধনীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । লেবার পার্টি ধনীদের নিশানা করে কিছু খাতে কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে । যার মধ্যে রয়েছে বেসরকারি স্কুলগুলোতেও কর চালু করা এবং ব্রিটেনের অস্থায়ী বাসিন্দাদের জন্য কর ফাঁকি দেওয়ার রাস্তা বন্ধ করা ।
তবে করের বিষয়টি ছাড়াও ব্রেক্সিট ও ইউক্রেইন সংঘাতের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি ব্রিটেনের রাজনৈতিক অনিশ্চয়তা – সেদেশে বিনিয়োগ ও সম্পদ সংরক্ষণের নিরাপদ স্থান হিসেবে এতদিন যে গ্রহণযোগ্যতা ছিল, সেটা ক্রমশ খমাচ্ছে । ফলে ধনকুবেরদের অনেকেই এখন ব্রিটেন ছেড়ে আরও আর্থিক ভাবে স্থিতিশীল কোনও দেশে পাড়ি দিতে মরিয়া ।

দ্য ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ আনুমানিক একটা হিসাব দিয়ে জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে দশ লক্ষ ডলারে সম্পদ থাকা ধনকুবেরদের মোট সংখ্যা ১৬ শতাংশ বাড়বে । জার্মানিতে বাড়বে ১৪ শতাংশ । ফ্রান্সে বৃদ্ধি পাবে ১৬ শতাংশ । জাপানে ২৮ শতাংশ । স্পেনে ১২ শতাংশ এবং ইতালিতে বাড়বে ৯ শতাংশ ।
এশিয়ার নিরিখে ধনকুবের বৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে তাইওয়ান । রিপোর্ট বলছে, আগামী পাঁচ বছরে সেখানে প্রায় ৪৩ শতাংশ ধনকুবেরের সংখ্যা বাড়বে । কাজাখস্তানে ৩২ শতাংশ । ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ । জাপানে ২৮ শতাংশ । চিনেও বাড়বে বড়লোকের সংখ্যা । কতটা ? বর্তমানের চেয়ে ৮ শতাংশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube