জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে কাজ করা এবং ইয়াজিদি মহিলাদের নিজের বাড়িতে আটকে রাখার অভিযোগে দলের শীর্ষ এক নেতার স্ত্রীর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছে ইরাকের আদালত। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর প্রাক্তন নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত। বুধবার সেদেশের বিচার বিভাগ সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। আইএস-এর সঙ্গে কাজ করা এবং ইয়াজিদি মহিলাদের নিজের বাড়িতে আটকে রাখার অভিযোগে, তাঁর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, ইসলামিক স্টেটের সদস্যরা ইয়াজিদি মহিলাদের নিনেভেহ গভর্নরেটের পশ্চিমে সিনজার জেলায় অপহরণ করেছিল। অপহরণের পর মসুলে বাগদাদির স্ত্রী তাদেরকে নিজের বাড়িতে আটকে রেখেছিলেন।
আদালতের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ‘মানবতাবিরোধী জঘন্য অপরাধ এবং ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও সন্ত্রাসবাদী কাজকর্মে সহযোগিতার জন্য ফৌজদারি আদালত বাগদাদির স্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে’. তবে এই সাজা কার্যকরের জন্য ইরাকি আপিল আদালতের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন তিনি।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখল করে, সেখানে খিলাফত ঘোষণা করেছিলেন বাগদাদি। ২০১৯ সালের নভেম্বরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের বিশেষ অভিযানে তাঁর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ ভেঙে পড়ার আগে, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চলে নিজের আধিপত্য কায়েম রেখেছিলেন আবু বকর আল-বাগদাদি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

