প্রার্থীপদ প্রত্যাহার করুন, এবার বাইডেনকে অনুরোধ জর্জ ক্লুনির !
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁর সবচেয়ে বড় সমর্থকদের একজন । তিনি আর কেউ নন, হলিউড সুপারস্টার তথা ডেমোক্র্যাটিক দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি ।
এর কয়েক ঘণ্টা আগেই শীর্ষ ডেমোক্র্যাট এবং প্রাক্তন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিও প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে তাঁর প্রার্থী পদ প্রত্যাহারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন । পেলোসি বলেন, প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, পুরোপুরি তাঁর ব্যক্তিগত ব্যাপার । কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী ডিবেটের পরে আমরা তাঁকে প্রার্থী থাকার মত গুরুতর বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি । কারণ, হাতে খুব বেশি আর সময় নেই ।
পেলোসির সুরেই সুর মিলিয়েছেন আরও একজন । জর্জ ক্লুনি । হলিউড অভিনেতা এবং ডেমোক্র্যাটিক পার্টির অর্থ সংগ্রাহকও প্রাক্তন হাউস স্পিকারের সঙ্গে একমত । বুধবার তিনি বলেন, প্রেসিডেন্ট তাঁর ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন । কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি । সেটা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই । একটি মার্কিন দৈনিকের মতামত বিভাগে জর্জ ক্লুনি লেখেন, ‘আমি জো বাইডেনকে একজন সেনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসাবে ভালবাসি । আমি তাঁকে বন্ধুও মনে করি । তাঁর ওপর আমার অগাধ বিশ্বাস আছে’ । কিন্তু গত ১৫ জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন, সেটা ২০১০ সালের বাইডেন, এমনকি ২০২০ সালের বাইডেনের মতও ছিল না বলে মন্তব্য করেন জর্জ ক্লুনি । তিনি বলেন, ‘বাইডেন হচ্ছেন সেই একই মানুষ যাকে আমরা সবাই ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনি বিতর্কে দেখেছি । এটি বয়সের ব্যাপার । আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে হয়ত নভেম্বরের নির্বাচনে জিততে পারব না ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নির্বাচনি ডিবেটের ১২ দিন পর প্রেসিডেন্ট জো বাইডেন এখন তাঁর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ঘরে ও বাইরে প্রবল নজরদারির মধ্যে তীব্র লড়াই করছেন । প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জুনে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের স্টুডিওতে প্রথম মুখোমুখি বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকেই, লাভ-ক্ষতির হিসাব-নিকাশ করতে শুরু করে দিয়েছেন ডেমোক্র্যাটরা । গত কয়েকদিনে বাইডেন তীব্র সমালোচনার মুখে পড়েন । নির্বাচনী বিতর্কে শোচনীয় পারফর্ম্যান্সের পর থেকেই জো বাইডেন কিন্তু ডেমোক্র্যাটদের উদ্বেগ কোনও ভাবেই কমাতে পারছেন না । নির্বাচনী দৌড় থেকে তাঁর সরে যাওয়ার দাবিক্রমেই জোরাল হচ্ছে । বাইডেনের মানসিক ও শারিরীক সক্ষমতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে ডেমোক্র্যাটদের মনে । এত কিছুর পরেও বাইডেনকে সমর্থন করেন এমন বেশ কয়েকজনও এবার ধীরে ধীরে নিজের অবস্থান বদলাচ্ছেন । ফলে প্রবল চাপের মুখে কী তাহলে নিজের মানসিক ইচ্ছার বিরুদ্ধাচরণ করতে বাধ্য হবেন বাইডেন ? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন রাজনৈতিক মহলে ।