বাংলায় একের পর এক নির্বাচনে আশাহত হয়েছে বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহের মত হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বরা প্রচার করেও ‘ভরাডুবি’ রুখতে পারেনি। এবার বাংলায় পদ্ম শিবিরের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বিশেষ দায়িত্ব দিতে পারে নেতৃত্ব। চলতি মাসে রাজ্য কর্মসমিতির বৈঠকেই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
চলতি মাসের ১৭ জুলাই সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক বসবে। লোকসভা নির্বাচনে বাংলায় পদ্ম শিবিরের ফলাফল নিয়ে পর্যালোচনা হবে বলে খবর। সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৭ তারিখের বৈঠকে বিশেষ ভূমিকা পালন করবেন বলেও জানা গিয়েছে। লোকসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্দরে রদবদলের জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন পদে মুখ বদল হতে পারে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বাংলায় সরকার গড়ার দাবি করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তিন অঙ্কের ঘরও ছুঁতে পারেনি তারা। ওই বছরের উপনির্বাচনেও হারের মুখ দেখতে হয়েছে তাদের। এরপর পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের ফলেও ‘হতাশা’ প্রাপ্তি হয়েছে বাংলার প্রধান বিরোধী দলের।
২০২৪-এর নির্বাচনে বাংলায় ৩০-৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ৪ জুন নির্বাচনের ফলপ্রকাশের পর সব অঙ্ক পাল্টে যায়। ২০১৯-এ যেখানে ১৮ টি আসনে জয় পেয়েছিল, পাঁচ বছরে সেই আসন সংখ্যা নেমে দাঁড়ায় ১২। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামিদিনে বাংলায় দল কীভাবে এগোবে, কোন রণকৌশলে কাজ হবে সেইসমস্ত বিষয়ে আলোচনা হবে আগামী ১৭ জুলাইয়ের বৈঠকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

