অগ্নিমূল্য বাজারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বৈঠক করেন তিনি। প্রশ্নের মুখে পড়েছিল টাস্ক ফোর্সের ভূমিকা। সবজির দাম কমাতে কার্যত চড়া সুরেই দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন তিনি। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে চলল অভিযান। ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন প্রশাসনিক কর্তারা।
সূত্রে খবর, বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কেন শাক-সবজির আকাশছোঁয়া দাম, সবজির জোগান- বিভিন্ন দিকগুলি খতিয়েদ দেখা হচ্ছে। পুলিশ সহ কৃষি দফতরের আধিকারিকরাও বাজার ঘুরে দেখেন। কোনও গরমিল দেখা গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, আগামী দশদিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্সকে সাত দিন অন্তর অন্তর বৈঠক করতে হবে। মুখ্যসচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে যুক্ত থাকবেন। প্রত্যেক মিটিংয়ের পর বাজারদর নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বৈঠক চলাকালীন গত বছরের সঙ্গে বর্তমানের বাজার দর তুলনা করেন মুখ্যমন্ত্রী। তথ্য তুলে ধরে তিনি জানান, ‘গত বছর আলুর দাম ছিল ২২, এবছর হয়েছে ৩৫ টাকা। পেঁয়াজের দাম ছিল ৩৫, এই বছর হয়েছে ৫০ টাকা। গত বছর যেখানে রসুনের দাম ছিল ২০০ টাকা এইবারে দাম দাঁড়িয়েছে ২৮০ টাকা। বেগুনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে। লাউয়ের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে (প্রতি সবজির দাম কেজি দরে উল্লেখ করা হয়েছে)।
আলু-পেঁয়াজ হেঁশেলে নিত্যপ্রয়োজনীয়। এই দুই সবজির দাম কমাতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নাসিক থেকে পেঁয়াজ আমদানি নিয়েও কথা বলেন তিনি। তাঁর প্রশ্ন, নাসিক থেকে কেন পেঁয়াজ আনতে হবে? তিনি পরামর্শ দেন, ‘নাসিক থেকে পেঁয়াজ না এনে চাষিদের কাছ থেকেই ১০০ শতাংশ পেঁয়াজ কিনলে চাষিরাও দাম পাবেন এবং পেঁয়াজের দামও বাজারে অনেকটা কমবে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

