পাকিস্তানে পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্যসহ নিহত ১০!
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
রক্তাক্ত পাকিস্তান । উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই । সংঘর্ষে এক সেনা ক্যাপ্টেন সহ নিহত বেশ কয়েকজন ।
পাকিস্তানের সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখওয়ার তিন জেলায় তিনটি পৃথক হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও তিন শিশুসহ মোট ১০ জনের মৃত্যুর খবর মিলেছে । সংবাদ সংস্থা জানিয়েছে, লাক্কি মারওয়াত, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এসব হামলার ঘটনা ঘটে । পাক সামরিক বাহিনীর মুখপাত্র বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে সেনাবাহিনীর ২৪ বছর বয়সী একজন ক্যাপ্টেন শহীদ হন । পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে । জঙ্গি হামলায় সেনাবাহিনীর এক তরুণ কর্মকর্তা নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ।
অন্য একটি ঘটনায় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের ঘটনায় সেনাবাহিনীর তিন আধিকারিক নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে । এই ঘটনাটি ঘটেছে লাক্কি মারওয়াত জেলায় । এখানে এক পুলিশ কর্তার গাড়িতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা । সেই সময় ওই পুলিশ কর্তা পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন । তখন সিন্ধ হাইওয়ের উপর কুররাম সেতুর কাছে এক অজ্ঞাত যুবক মোটরসাইকেল চড়ে এসে গাড়িতে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি । ওই পুলিশ কর্তাসহ পরিবারের চার সদস্য নিহত হন । সরকারি এক অফিসারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওই গাড়িতে থাকা দুই মহিলা বরাত জোরে বেঁচে যান. তাঁরা হাসপাতালে ভর্তি ।
জানা গেছে ওই পুলিসকর্তা সপরিবারে চিকিৎসার জন্য টিটারখেল থেকে পেশোয়ার যাচ্ছিলেন । আচমকাই এই ঘটনায় প্রাণ হারান বছর সাঁইত্রিশের পুলিস অফিসার শহিদুল্লাহ ও তার ৮ থেকে ১২ বছর বয়সী তিন সন্তান । আহত আরেক শিশুকে পেশোয়ারে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম । এ ঘটনার পর পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে গিয়ে, হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে । কুররাম নদীর পাশে একটি ঘন জঙ্গলের কাছে হামলার ঘটনাটি ঘটেছিল । তাই পুলিসের অনুমান, হামলাকারীরা খুব সহজেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় । এছাড়াও, উত্তর ওয়াজিরিস্তানে আরেকটি হামলার ঘটনা ঘটে । জেলার তাপ্পি এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে মর্টারের হামলা চালায় জঙ্গিরা । সেই সময় ওই বাড়ির বাসিন্দা তিন মহিলা গুরুতর আহত হন । তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে ।