ফিলিপিন্সে ‘ফেস-অফ’!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

বাইরে থেকে দেখতে আর পাঁচটা সাধারণ ক্লিনিকের মতোই । কিন্তু ভেতরে ঢুকলে সেখানকার প্রযুক্তি দেখে মানুষ চমকে যাবে । কারণ সেখানেই চলে আইনের চোখে ধুলো দিয়ে গোপনে প্লাস্টিক সার্জারি । দাবি ফিলিপিন্সের সুসংগঠিত অপরাধ দমন কমিশনের ।

ফিলিপিন্সের ভূগর্ভস্থ কিছু হাসপাতাল গোপনে পলাতক আসামি এবং প্রতারকদের প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলের সুযোগ করে দিচ্ছে । যাতে এই অপরাধীরা গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচতে পারে । দাবি সেদেশের সুসংগঠিত অপরাধ দমন কমিশনের । পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মে মাসে তারা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণ শহরতলীর একটি হাসপাতালে প্রথম অভিযান চালান । তার পরিপ্রেক্ষিতে ‘আগামী কয়েক সপ্তাহে’ এমন দু’ দুটি অবৈধ হাসপাতাল বন্ধ করে দেওয়া হতে পারে । পুলিস জানিয়েছে, দু’ মাস আগে ফিলিপিন্সের পাসাই শহরের একটি হাসপাতাল থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সামগ্রী, ডেন্টাল ইমপ্লান্ট এবং ত্বকের রঙ উজ্জ্বল করার আইভি ড্রিপ বাজেয়াপ্ত করা হয় ।

পিএওসিসি-র মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও
‘প্রেসিডেন্সিয়াল অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম কমিশন’ বা পিএওসিসি-র মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেন, ‘ট্রান্সপ্লান্টের মাধ্যমে সম্পূর্ণ নতুন একজন মানুষ তৈরি করা যায়’ ।
কর্তৃপক্ষের দাবি, নজরদারিতে থাকা দু’টি অবৈধ হাসপাতাল পাসাইয়ের হাসপাতালটির চেয়ে চারগুণ বড় বলে মনে করা হচ্ছে । পিএওসিসি’র মুখপাত্র ক্যাসিও বলেন, তাদের মক্কেলদের মধ্যে অনলাইন ক্যাসিনোর লোকজনও আছে । যারা ফিলিপিন্সে অবৈধভাবে কাজ করছে । অনলাইন ক্যাসিনো বা পোগোস (ফিলিপিন্স অনলাইন গেমিং অপারেশনস) মূলত চিনের মূল ভূখণ্ডে খেলোয়াড়দের পাঠায় । কিন্তু সেদেশে জুয়া খেলা অবৈধ । তবে পুলিশ বলছে, টেলিফোনে প্রতারণা এবং মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে, পোগোসকে কাজে লাগানো হয়ে আসছে ।

পাসাই শহরের দু’টি হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ তিনজন ডাক্তারকে গ্রেফতার করেছে । তাদের মধ্যে দু’জন ভিয়েতনাম এবং একজন চিনের নাগরিক । এছাড়াও একজন চিনের ফার্মাসিস্ট এবং একজন ভিয়েতনামের নার্সকে আটক করেছে । তাদের কারোর ফিলিপিন্সে কাজ করার লাইসেন্স নেই । অভিযানে একটি হেমোডায়ালাইসিস মেশিনও উদ্ধার হয়েছে । এতেই বোঝা যায়, হাসপাতালগুলিতে প্লাস্টিক সার্জারি ছাড়াও অন্যান্য চিকিৎসাও করা হয় । ‘হাসপাতালগুলি বাইরে থেকে দেখতে সাধারণ ক্লিনিকের মত হলেও, সেখানে একবার ঢুকলে মানুষ চমকে যাবে তাদের প্রযুক্তি দেখে । দাবি উইনস্টন জন ক্যাসিও-র । তিনি আরও বলেন, ‘এই পোগো হাসপাতালগুলি মক্কেলদের সঠিক পরিচয়পত্র চায় না । আপনি পলাতক হতে পারেন, কিংবা আপনি ফিলিপিন্সে পা রাখা কোনও অবৈধ বিদেশিও হতে পারেন । অর্থের বিনিয়ে চেহারা বদল এখানে খুব সহজ’ ।

বর্তমান প্রেসিডেন্ট
পাসাই শহরে অবৈধ হাসপাতালের অস্তিত্ব সম্পর্কে কর্তৃপক্ষ খবর পেয়েছিল অনেক আগে। প্রসঙ্গত, প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ছয় বছরের শাসনকালে পোগোস ফুলেফেঁপে ওঠে । বর্তমান প্রেসিডেন্ট ফিলিপিন্সকে ‘স্ক্যাম হাব’ হিসেবে আর বিশ্বের দরবারে চিহ্নিত করতে চান না । তিনি দেশের স্ক্যাম ফার্মগুলোতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন ক্যাসিও ।

প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
২০২২ সালের ডিসেম্বরে, অভিবাসন দফতরের কর্মকর্তারা একজন সন্দেহভাজন চিনা মাফিয়াকে গ্রেফতার করেছিলেন । তিনি সনাক্তকরণ এড়াতে, সেই সময় প্লাস্টিক সার্জারি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল । ক্যাসিও বলেন, এই ধরনের ঘটনার সঙ্গে অবৈধ ফিলিপিন্সের গোপন ভূগর্ভস্থ হাসপাতালগুলোর যোগসূত্র থাকতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube